ককটেল বিস্ফোরণ, ব্যালট বাক্স ছিনতাই, ভোটারবিহীন ভোটকেন্দ্র, স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন ও ভোট কারচুপির অভিযোগসহ নানা ঘটনার মধ্য দিয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোট গ্রহণ হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার মধ্যেই নির্ধারিত সময় সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। অধিকাংশ কেন্দ্রেই সকাল নয়টার আগে ভোটাররা উপস্থিত ছিলেন না। তবে সকাল নয়টার আগে দু-একটি কেন্দ্রে দু-তিনটি করে ভোটার ভোট দেন। এলাকার অনেকে জানান, ভোট গ্রহণের আগের দিন শনিবার রাতে বেলকুচি ও চৌহালীর বিভিন্ন ভোটকেন্দ্রে ও আশপাশ এলাকায় নির্বাচনবিরোধীরা শত শত ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটায়। ভোট গ্রহণের সময়ও বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ ভোটারদের মধ্যে তারা আতঙ্ক সৃষ্টি করে।
দুপুর সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান সোহাগপুর পাইলট বালিকা বিদ্যালয়ে এক প্রেস ব্রিফিং করে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। কারচুপি করে ভোট নেওয়া হয়েছে। এ কারণে আমি ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি।’
এদিকে জামায়াত-বিএনপি অধ্যুষিত কল্যাণপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে কোনো ভোটার ভোট দিতে আসেননি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সাত ভোট পড়েছে। টিএসসি গয়নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মজনু মিয়া জানান, তাঁর কেন্দ্রে এক হাজার ৬০০ ভোটারের মধ্যে ৪৮ ভোট, চর নবীপুর প্রাথমিক বিদ্যালয়ে ৬৭১ ভোটারের মধ্যে নয় ভোট, কেসি সালদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ভোট পড়েছে। জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে হাতে গোনা ভোট পড়েছে।