কিশোরগঞ্জ-৪ উপনির্বাচন: আশঙ্কা অমূলক: রিটার্নিং কর্মকর্তা
ভোট কারচুপির শঙ্কা বিদ্রোহী প্রার্থী ও তাঁর সমর্থকদের

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম। গতকাল শুক্রবার তিনি এ আশঙ্কা প্রকাশ করে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রকাশ্য জনসভায় ঘোষণা দিয়েছেন, নির্বাচনে কারোর ভোট দিতে যাওয়া লাগবে না।মহিতুল বলেন, এ ঘোষণায় চেয়ারম্যান কুদ্দুস বুঝিয়ে দিয়েছেন, ভোটাররা ভোট দিতে না গেলেও আওয়ামী লীগের প্রার্থীর ভোট পেতে সমস্যা হবে না। এ রকম প্রচারণায় নির্বাচনে ভোট কারচুপির আলামত পাওয়া যাচ্ছে। একই আশঙ্কা মহিতুলের সমর্থকেরাও জানালেন।অবশ্য এ অভিযোগ অসত্য দাবি করে আবদুল কুদ্দুস বলেন, ‘আমি জনপ্রতিনিধি। জনগণের মন জয় করে ভোট আদায়ে বিশ্বাসী। তবে আমি থাকলে আমার ইউনিয়নের সব ভোট নৌকা প্রতীকে চলে যাবে—এ ভয় থেকেই বিদ্রোহী প্রার্থী মহিতুল আগে থাকতেই ভোট কারচুপির আশঙ্কা জানিয়ে রাখছেন।’রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সমর্থকদের আশঙ্কাকে অমূলক আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ভোট কারচুপি প্রতিরোধের ব্যাপারে নির্বাচন কমিশন অত্যন্ত সতর্ক রয়েছে।এ আসনের সাতবারের সাংসদ আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়। ৩ জুলাই অনুষ্ঠেয় এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এবং পরিবারতন্ত্র ও আঞ্চলিকতার দোষে দুষ্ট নেতৃত্ব পরিবর্তনের গণদাবির কথা বলে স্বতন্ত্র প্রার্থী হন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিতুল।হাওর এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য অন্য নির্বাচনী এলাকার চেয়ে আলাদা। বর্ষাকালে এখানে যাতায়াতের একমাত্র বাহন নৌযান। উপজেলা সদর থেকে ভোটকেন্দ্রগুলোতে যেতে সময় লাগে দূরত্বভেদে আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত। এই যোগাযোগ বিচ্ছিন্নতার কারণেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মহিতুলের সমর্থকেরা। তাঁদের কথা, কোনো কেন্দ্রে সমস্যার কথা উপজেলা সদরে পৌঁছানো হলেও যাতায়াত সমস্যার কারণে এর প্রতিকার পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলি চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হলেও এখনো এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া তাঁদের সংশয় বাড়িয়েছে।মহিতুলের প্রধান নির্বাচন সমন্বয়ক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদ ত্যাগ করা সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম থানার ওসিরা রাষ্ট্রপতির ছেলের পক্ষ নিয়ে নানা কৌশলে মহিতুলের সমর্থকদের চাপে রেখেছেন। পুলিশে রদবদলের ব্যাপারে আবেদন করার পরও ওসিরা নিজ নিজ থানায় বহাল থাকায় আমাদের সমর্থকেরা নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে আইনের মারপ্যাঁচে পড়ার আশঙ্কা করছেন।’যোগাযোগ বিচ্ছিন্নতার প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, এসব সমস্যা বিবেচনায় রেখেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওসিদের রদবদলের আবেদনটি সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের কাছে করা হয়েছে। এ বিষয়ে এখনো নির্দেশনা আসেনি। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, হাওরের জনপদের বিচ্ছিন্নতার বিষয়টি বিবেচনায় রেখেই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য থাকবেন। বিশেষ পরিস্থিতির জন্য তিন উপজেলা সদরেই অতিরিক্ত পুলিশ রাখা হবে। প্রয়োজন হলে তাঁরা যেন যাতায়াত করতে পারেন, সেজন্য নৌযানও প্রস্তুত রাখা হবে। তিনি জানান, পুলিশের সদস্য ছাড়াও র্যাব ও বিজিবির সদস্যরাও কাজ করবেন।
ওসিদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে পুলিশ সুপার বলেন, পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হচ্ছে। তাই নির্বাচন কমিশন চাইলে অবশ্যই রদবদল করা হবে।
এদিকে সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন না করলে সরকারি দলের সমর্থকেরা ভোট কারচুপিতে উৎসাহিত হবেন এবং কারচুপি প্রতিরোধের কোনোরকম উদ্যোগ নিতে আমাদের সমর্থকেরা ভয় পাবেন।’