ভোট কেটে নেওয়ার হুমকির অভিযোগ
নিজ বাড়ির কাছে অবস্থিত দুই কেন্দ্রের ভোট সকাল ১০টার মধ্যে কেটে নেবেন বলে হুমকি দিয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. নজরুল ইসলাম। কুমিল্লার হোমনায় পৌরসভা নির্বাচনে বিএনপি ও স্বতন্ত্র দলের মেয়রপ্রার্থী এমন অভিযোগ করেছেন। বিষয়টি তাঁরা রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন বলেও জানান।
বিএনপির মেয়রপ্রার্থী আবদুল লতিফ অভিযোগ করেন, গোয়ারীভাঙ্গা ও লটিয়া ভোটকেন্দ্র দুটি আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলামের বাড়ির কাছে। তাঁর সমর্থকেরা প্রকাশ্যে বলছেন, নির্বাচনের দিন ওই কেন্দ্রের ভোট সকাল ১০টার মধ্যেই কেটে ফেলবেন। তাঁরা সেখানে প্রচার চালাতে বাধা দিচ্ছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁরা লিখিত অভিযোগ দেবেন বলে জানান।
স্বতন্ত্র মেয়রপ্রার্থী জহিরুল হক বলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম ও তাঁর লোকজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে লটিয়া ও গোয়ারীভাঙ্গা কেন্দ্রের ভোট সকালেই কেটে ফেলবে। এতে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি মৌখিকভাবে লটিয়া ও গোয়ারীভাঙ্গা কেন্দ্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবেন বলে জানান।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কয়েকজন মেয়র প্রার্থী অপপ্রচার চালাচ্ছেন। তিনি কখনো ভোটকেন্দ্র দখলের পক্ষে নন। ভোট কাটার তো প্রশ্নই ওঠে না। তিনি ভোটারদের মাধ্যমে ভোট চান। তাঁর অভিযোগ, ভোটকেন্দ্র দখলের অপপ্রচার চালিয়ে ভোটারদের এবং প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিল বলেন, গোয়ারীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি একটু দুর্গম হলেও ঝুঁকিপূর্ণ নয়। তিনি বলেন, অন্যান্য কেন্দ্রের মতো এটিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।