ভোট কেনাবেচা ঠেকাতে রাত জেগে পাহারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে মাত্র দুদিন, তারপরই ভোট উৎসব। এর মধ্যেই জয়পুরহাটের আক্কেলপুরে রাত জাগতে শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কর্মী সমর্থকেরা। উদ্দেশ্য ভোট কেনাবেচা ঠেকানো। প্রার্থীরা রাতেই এ কাজটা করতে পারেন- এমন আশঙ্কা থেকেই নিজ উদ্যোগে রাত জেগে পাহারা দিচ্ছেন তাঁরা। গত শনিবার রাত থেকে প্রায় প্রতিটি মহল্লায় চলছে এই পাহারা।

এবার এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের কেউ কেউ টাকা দিয়ে ভোট কেনার ঘোষণা দিয়ে মাঠে নামায় বেকায়দা পড়েছেন অন্যরা। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় তাঁদের মধ্যে ভোট বেচাকেনার এ আশঙ্কা।

রেজাউল করিম নামে পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার এক ভোটারের ভাষ্য: ‘একজন প্রার্থীর লোক এসে আমার হাতে এক শ টাকার একটি নোট গুঁজিয়ে দিয়ে তাঁর প্রার্থীকে ভোট দিতে বলেছিলেন। আমি সেই টাকা নিইনি। টাকার বিনিময়ে নিজের বিবেক বিক্রি করব না। অনেক প্রার্থীই ভোটারদের প্রকাশ্যে টাকা দিচ্ছেন।’ এ ছাড়া ‘ভোট দেয় ভোটারে, টাকা খায় চিটারে’ বলে মন্তব্যও করেন তিনি।

একাধিক মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ভোট কেনাবেচা ঠেকাতে পৌরসভার নয়টি ওয়ার্ডেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকেরা পাহারা বসিয়েছেন। ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে তাঁরা গভীর রাত পর্যন্ত জেগে থাকছেন। ভোটের আগের রাত (মঙ্গলবার) পর্যন্ত এ পাহারা চলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আট নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট কেনার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ওই প্রার্থীর লোকজন টাকা পয়সা নিয়ে রাতের বেলায় ঘোরাঘুরি করছেন। আমার কর্মী সমর্থকেরাও ভোট বেচাকেনা ঠেকাতে মহল্লায় পাহারা দিচ্ছেন।’

শ্রীকৃষ্টপুর মহল্লার বাসিন্দা আলম হোসেন বলেন, ‘চোর-ডাকাত ঠেকাতে মানুষ রাতে পাহারা দেয়। আমরা চোর-ডাকাত নয়, ভোট বেচাকেনা ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডায় রাত জাগা কষ্টকর হলেও নির্বাচনের আগের রাত পর্যন্ত এ পাহারা চলবে।’

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসার কারণে প্রার্থীরা নানা ধরনের আশঙ্কা করবেন। এটাই স্বাভাবিক। তবে কারও বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।