৯ জুন খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন বলেছিলেন, নির্বাচনে কালোটাকার ব্যবহার হলে তা ধরা বড় কঠিন। এ কথার প্রতিফলন দেখা গেল প্রচারণার শেষ মুহূর্তে।
গতকাল নির্বাচনের আগের দিনটি কাটল ভোট কেনাবেচার অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে। চলেছে ধর্মকেন্দ্রিক প্রচারণাও। নগরজুড়ে টাকা ছড়ানোর যে পরিমাণ গুজব ছিল, তার তুলনায় দু-একটি ঘটনা ছাড়া কোথাও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে টাকা যে ছড়ানো হচ্ছে, প্রথম আলোর সঙ্গে আলাপকালে তা স্বীকার করলেন খুলনা মহানগর পুলিশের কমিশনার সফিকুর রহমান। বললেন, ‘নির্বাচনে টাকা তো ছড়ানো হচ্ছেই। কিন্তু ধরতে পারছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
গতকাল রাত পর্যন্ত পাঁচটি থানার কোথাও ভোট কেনাবেচার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা। টাকা ছড়ানোর অভিযোগটি সবচেয়ে বেশি এসেছে কাউন্সিলর পদপ্রার্থীদের পক্ষ থেকে।
গতকাল সকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের দারোগাপাড়া এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী এ কে এম শামীমের বিরুদ্ধে একই ওয়ার্ডের প্রার্থী এস এম মর্তুজা রশীদি অভিযোগ করেন, শামীমের বাড়িতে চার-পাঁচ শ নারী ভোটারকে ডেকে অর্থ দেওয়া হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তাকে জানালে তিনি পুলিশকে অভিযোগটি জানাতে বলেন। বিষয়টি খুলনা সদর থানাকে জানালে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। কিন্তু প্রার্থীর বাড়িতে যেতে অপারগতা প্রকাশ করেন। এর ফলে প্রার্থী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযুক্ত ব্যক্তির বাড়িতে যান। তিনি নারীদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এ বিষয়ে অভিযুক্ত শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ওসি সেখানে গিয়ে অর্থ দেওয়ার কোনো ঘটনা দেখেননি বলে প্রথম আলোকে জানান।
ধর্মীয় প্রচারণা: ‘আলেমদের নির্বিচারে হত্যার জবাব ব্যালটেই দিন’ শিরোনামে রঙিন ছবিসহ একটি প্রচারপত্র নগরের বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে। নতুন বাজার চর বস্তির বাসিন্দারা জানান, একদল যুবক রাতে খুব দ্রুত প্রচারপত্রগুলো দিয়ে এলাকা ত্যাগ করে।
প্রশ্নপত্রে ৯ নম্বর প্রশ্নটিতে একটি অনুচ্ছেদ লিখে তা থেকে চারটি প্রশ্ন্ন করা হয়। এর একটি হচ্ছে মেয়র আবদুল খালেক সাহেবের মাঝে হজরত ওমর (রা.)-এর কোন গুণটি ফুটে উঠেছে? অপর প্রশ্নটি ছিল আদর্শ মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে আ. খালেক সাহেবকে হজরত উমর (রা.)-এর আরও কোন কোন গুণকে অনুসরণ করতে হবে?
পাইওনিয়ারের প্রধান শিক্ষিকা জাফরোজা খানম বলেন, ‘আমরা প্রশ্নটি করিনি। এটা নগরের খানজাহান আলী সড়কের খুলনা প্রিন্টেক প্রেস থেকে কেনা হয়েছিল।’