ভোটকেন্দ্রে আটকে রাখার অভিযোগ ভোটারের
চট্টগ্রামের পতেঙ্গা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ার অভিযোগ তুলেছেন মো. হোসেন নামের একজন ভোটার। তাঁর দাবি, ভোট দিতে গেলে তাঁকে পাঁচ থেকে সাত মিনিট আটকে রাখেন সরকার-দলীয় সমর্থকেরা।
ভোটকেন্দ্রে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে মো. হোসেন অভিযোগ করেন, ভোট দিতে গেলে তাঁকে জানানো হয় ওই ভোট আগেই দেওয়া হয়ে গেছে। তিনি জালভোট দিতে গেছেন বলে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে তাঁর দুই বছরের সাজা হবে বলে ভয় দেখানো হয়।
বেলা ১১টার দিকে ভোটার আইডি কার্ড নিয়ে ভোট দিতে যান মো. হোসেন। তাঁর ভোটার নাম্বার ১৫১০০০৯৭০৮০৮। মো. হোসেন বলেন, ‘আমি, আমার ভাই মো. জাভেদ ও চাচা মো. মনির ভোট দিতে যাই। প্রথমে আমার ভাই ও চাচাকে জানানো হয়, তাঁদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। তাঁরা ভোটকেন্দ্র ছেড়ে চলে যান। এরপর পাঁচ নম্বর বুথে আমি আমার ভোট দিতে যাই।’
মো. হোসেনের ভাষ্য, ‘ভোট দিতে গিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে যাই। আমাকে জানানো হয়, আমার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। আমি নাকি জালভোট দিতে এসেছি। এ জন্য আমাকে পাঁচ থেকে সাত মিনিট আটকে রাখা হয়। আমাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেওয়ারও হুমকি দেওয়া হয়। জালভোট দিতে যাওয়ার অভিযোগে আমার দুই বছর সাজা হবে বলেও ভয় দেখানো হয়।’
এ বিষয়ে ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশেক এলাহী বলেন, ‘বিষয়টি আমি ঠিক জানি না। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বলতে পারবেন।’ বিষয়টি জানার জন্য সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি।
ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপসহকারী পরিদর্শক (এসআই) সুমন কবির বলেন, ‘ভোটকেন্দ্রের ভেতরে কী ঘটছে, প্রিসাইডিং অফিসার না জানালে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না।’
আশেক এলাহীর তথ্যমতে, পতেঙ্গা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মোট ভোটারসংখ্যা দুই হাজার ৯৫২ জন। সকাল ১০টার মধ্যে এক হাজার ২০০ ভোট পড়েছে। ব্যালট পেপারের অসামঞ্জস্যের কথাও জানিয়েছেন তিনি। অস্বাভাবিক পরিস্থিতির কারণে ওই ভোটকেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত জানাননি তিনি।
মো. হোসেনের মতো আরও বেশ কয়েকজন ভোটারও অভিযোগ করেন, তাঁদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেউ কেউ অভিযোগ তুলেছেন, ভোটকেন্দ্র থেকে তাঁদের জোর করে বের করে দেওয়া হচ্ছে। ভেতরে ইচ্ছামতো সিল মেরে ব্যালটবাক্স ভরানো হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয় ভোটাররা।