ভোট গণনায় কারচুপির আশঙ্কা বিএনপির
ঢাকা বিভাগের পৌরসভা নির্বাচনে বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিএনপি। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের আশঙ্কা, ভোট গণনায় কারচুপির মাধ্যমে সরকারি দল ফলাফল নিজেদের অনুকূলে নিয়ে যেতে পারে। এই বিভাগের যেসব পৌরসভায় অনিয়ম হয়েছে, সেখানে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। গতকাল সোমবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। নজরুল ইসলাম খান বলেন, দেশের বিভিন্ন পৌরসভায় সরকারদলীয় ক্যাডাররা মন্ত্রী, সাংসদ ও প্রশাসনের সহায়তায় ভোটের বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দিয়ে নিজেদের প্রার্থীর পক্ষে সিল মেরেছে। এ ছাড়া প্রকৃত ভোটার তালিকা গায়েব করে দিয়েও নির্বাচন বানচালের চেষ্টা চালিয়েছে। নজরুল ইসলামের অভিযোগ, মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে কারচুপি করায় সেখানে বিএনপিদলীয় প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ী পৌরসভা, রাজবাড়ীর পাংশায় একইভাবে ভোট কারচুপি করা হয়েছে। এসব পৌরসভায় পুনর্নির্বাচন দাবি করেন তিনি। নজরুল ইসলাম বলেন, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের নির্বাচনেও কারচুপি করতে পারে আওয়ামী লীগ। ইতিমধ্যে সরকারদলীয় সাংসদেরা নিজ নিজ এলাকায় মহড়া দিয়ে নির্বাচনকে প্রভাবিত করছেন। কুমিল্লার চান্দিনায় স্থানীয় সাংসদ আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে দলীয় ক্যাডারদের দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। নজরুল ইসলাম অভিযোগ করেন, সিলেটে সরকারদলীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতারা তাঁদের প্রার্থীর পক্ষে থাকতে প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করছেন। ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীর সরকারদলীয় নেতা-কর্মীরা বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভয়ভীতি দেখাচ্ছেন। হবিগঞ্জে বিএনপির প্রার্থীর ভাই ও ভাতিজার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এসব অনিয়ম ও বিধি ভঙ্গের অভিযোগ কঠোর হাতে দমন করতে সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে নজরুল ইসলাম বলেন, শত বাধা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে জনগণ তাদের রায় দেবে। জনগণের রায় পাল্টে না দিলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ পৌরসভায় বিজয়ী হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার নির্বাচন পেছানোর প্রতিবাদ জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে সরকারদলীয় একজন প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আটটি ভোটকেন্দ্রে ভুল ভোটার তালিকা সরবরাহের জন্য প্রশাসনকে দায়ী করে নজরুল ইসলাম বলেন, বিএনপির মেয়র পদপ্রার্থীর বিজয় ঠেকাতেই এটা করা হয়েছে। এ ছাড়া সাভার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব-পালনরত পুলিশ সদস্যরা সরকারদলীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরেছেন বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।