সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির জন্য জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজকালের মধ্যে এই চিঠি পাঠানো হবে।
ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, ২৫ নভেম্বরের মধ্যে কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করার অনুরোধ জানানো হবে। নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রাথমিক তালিকা তৈরির পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপর প্রার্থী ও দলগুলোর দাবি-আপত্তি বিবেচনায় নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দুই হাজার ৭০০ প্রশিক্ষকের প্রশিক্ষণ ১৭ নভেম্বর থেকে শুরু হবে।
এবার প্রায় ৩৮ হাজার ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে বলে কমিশন সচিবালয় সূত্র জানায়। কেন্দ্রে ভোট কক্ষ থাকবে প্রায় দুই লাখ। এ জন্য নিয়োগ পাবেন প্রায় সাড়ে ছয় লাখ ভোট গ্রহণ কর্মকর্তা। এর মধ্যে ৩৮ হাজার প্রিসাইডিং কর্মকর্তা, দুই লাখ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং চার লাখ পোলিং কর্মকর্তা। এ ছাড়া ৬৪ জেলায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাবেন ৬৪ জন কর্মকর্তা। অতীতে জেলা প্রশাসকেরা (ডিসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এবার কমিশন সচিবালয়ের কর্মকর্তারা তাঁদের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের কয়েকজনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার অনুরোধ করেছেন।
নীতিমালা অনুযায়ী, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করেন জেলা প্রশাসক। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা; সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক; সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক-বিমার প্রথম শ্রেণীর কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন। একই প্রতিষ্ঠানের নিচের পদমর্যাদার কর্মকর্তারা সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।