ভোট গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৫-১৬) গতকাল সোমবার ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপর গতকাল রাত নয়টার দিকে ভোট গণনা শুরু হয়।

আইনজীবী সমিতির সূত্র জানায়, গতকাল দ্বিতীয় দিনে আরও ১ হাজার ৭২৭ জন ভোট দেন। গত রোববার প্রথম দিনে ১ হাজার ৮০২ জন ভোট দিয়েছিলেন। দুই দিনে আইনজীবী সমিতির ৩ হাজার ৫২৯ জন সদস্য ভোট দিয়েছেন। সমিতির মোট সদস্য ৪ হাজার ৩৬২ জন।

এ বছর আইনজীবী সমিতির ১৪টি পদে দুটি প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দল সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক পদে দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোমতাজ উদ্দিন আহমদ। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। তাঁরা টানা দ্বিতীয়বারের মতো সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সভাপতি পদে স্বতন্ত্রভাবে মো. ওবায়দুল হক পীরজাদা ও ইউনুছ আলী আকন্দ এবং সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম। নির্বাচন উপলক্ষে আইনজীবী মো. হারুনর রশীদকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।