ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আজ বুধবার ৯৭টি উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে ভোট দিয়েছেন।
এদিকে বিভিন্ন অভিযোগে বিএনপি-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা চারটি এবং একটি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
উপজেলা নির্বাচনের ফলাফল কেমন হবে, তা নিয়ে আওয়ামী লীগ ও সরকারে উদ্বেগ-উত্কণ্ঠা আছে। বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ নেওয়ার কারণে ফলাফলকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে।
৯৭টি উপজেলার মধ্যে অন্তত ৪০টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন।
তৃণমূল চাঙা রাখা এবং আন্দোলনে নতুন করে গতি সঞ্চারের লক্ষ্যে উপজেলা নির্বাচন করছে বিএনপি। এ নির্বাচনকে আন্দোলনের ‘দম’ হিসেবে দেখছে দলটি। পাশাপাশি ‘একচেটিয়া’ বিজয় ছিনিয়ে নিয়ে দলটি দেখাতে চায়, তাদের পক্ষে বড় ধরনের জনসমর্থন আছে। এজন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উপজেলা নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
৯৭টি উপজেলার মধ্যে ৫৪টিতে বিএনপির একাধিক প্রার্থী ছিলেন। কেন্দ্রের পরামর্শে বেশির ভাগ জায়গায় শেষ পর্যন্ত একক প্রার্থী রয়েছেন। তবে এখনো ১৫-১৬টি উপজেলায় একাধিক প্রার্থী রয়ে গেছেন। নির্বাচনের সঙ্গে যুক্ত দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, নির্বাচন সুষ্ঠু হলে প্রথম দফার নির্বাচনে ৭০-৮০ শতাংশ উপজেলায় তাঁদের জয় হবে। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে তাঁদের সংশয় আছে।
চার দফায় শেষ হবে উপজেলা নির্বাচন। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ৯৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪২৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলার মোট ভোটারসংখ্যা এক কোটি ৬২ লাখ ১৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে নারী ৮১ লাখ ৫৪ হাজার ৫৩ এবং পুরুষ ৮০ লাখ ৬১ হাজার ৩৮৪ জন। পাঁচ বছর পর উপজেলা নির্বাচন হচ্ছে।