ভোট গ্রহণ শেষে ফল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালট পেপারে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুজনের নাম থাকায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচটি কেন্দ্রের ফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। প্রতিবাদে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা।
গতকাল শনিবার ভোট নেওয়া শেষে বিকেল চারটার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী ফল স্থগিত ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা কিছু ব্যালটে নৌকা প্রতীকের প্রার্থী রবিউল ইসলামের নাম ও কিছু ব্যালটে ভুলক্রমে ফিরোজ আহমেদের নাম ছাপা হয়। ভোট গ্রহণের শেষ দিকে বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাদের নজরে আসে। এরপর জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়। কমিশন থেকে সিদ্ধান্ত পাওয়া গেলে এসব কেন্দ্রের ফল ঘোষণা কিংবা আবার ভোট গ্রহণ করা হবে। ওই পাঁচটি কেন্দ্র হলো কাহালু, ঘোলাগাড়ি, বানদীঘি ও শিকারপুর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিকারপুর ডিইউ ফাজিল মাদ্রাসা।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ফল ঘোষণা স্থগিতের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডলের সমর্থক ও শ্রমিকেরা ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার চারমাথা এবং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকা অবরোধ করে বিকেল চারটা থেকে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা ফল ঘোষণা না করা পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দেন। বিজিবি, র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত পৌনে আটটার দিকে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে প্রায় ছয় হাজার ভোটে আবদুল লতিফ মণ্ডলকে জয়ী ঘোষণা করা হলে অবরোধ তুলে নেওয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ মণ্ডল বলেন, ‘নির্বাচন কমিশনের ভুলের খেসারত ভোটাররা দেবেন না। ভোট গণনার শেষ মুহূর্তে ফল স্থগিত করায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে লিখিতভাবে আমাকে জয়ী ঘোষণা কর হয়েছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, নির্বাচন কমিশনের লিখিত নির্দেশে ফল স্থগিত করা হয়েছে। কমিশনের সিদ্ধান্তের বাইরে কারও ফল ঘোষণার এখতিয়ার নেই। মহাসড়ক অবরোধ করায় কেউ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফল ঘোষণার কথা বলে থাকতে পারেন। সেটা নির্বাচন কমিশনের জানা নেই।