ভোট গ্রহণবিষয়ক প্রশিক্ষণ শুরু, কাল ইভিএম মহড়া
সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে সিলেটের মদনমোহন কলেজে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি আজ শনিবার শেষ হবে। এদিকে সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের পূর্বপ্রস্তুতি হিসেবে কাল রোববার তিনটি ভোটকেন্দ্রে মহড়া ভোট নেওয়া হবে। মদনমোহন কলেজের দুটি ও রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে এ মহড়া হবে। ‘যোগ্য প্রার্থী নির্বাচন’ অনুষ্ঠান আজ: সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সমর্থিত নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে সিলেটে ‘যোগ্য প্রার্থী নির্বাচন’ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। সকালে নগরের রিকাবীবাজারে সিলেট মিলনায়তনে এ অনুষ্ঠানে মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, আরিফুল হক চৌধুরী ও ছালাহউদ্দিন উপস্থিত থাকবেন।