
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রধানমন্ত্রী নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। কিন্তু ভোট তো হবে না।গতকাল সোমবার রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আয়োজিত জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘নৌকার তলা ফুটা হয়ে গেছে। ডুবন্ত তরিতে কেউ উঠবে না। আপনিও নিজেই ডুবে যাবেন।’বিএনপির চেয়ারপারসন বলেন, এবারের স্লোগান হলো, ‘হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’। তিনি বলেন, দলীয় সরকারের অধীন নির্বাচনে ১৮-দলীয় জোট যাবে না, সেই নির্বাচন হতে দেওয়া হবে না।খালেদা জিয়া বর্তমান নির্বাচন কমিশনকে আবারও ‘অথর্ব’ ও ‘মেরুদণ্ডহীন’ মন্তব্য করে বলেন, নির্বাচন কমিশন বিএনএফ নামে একটি দলকে নিবন্ধন দিতে চাইছে। ওই দলটি নাকি নির্বাচন করবে। তাদের প্রতীকও নাকি গমের শীষ। তিনি কমিশনের উদ্দেশে বলেন, ‘এটা কি মামাবাড়ির আবদার? নিবন্ধন দিলে দেশের মানুষ আপনাদের ছাড়বে না। ঘর থেকে বের হতে পারবেন না। এসব আকাম-কুকাম বাদ দিন। নয়তো পরিণতির জন্য আপনারাই দায়ী হবেন।’ খালেদা জিয়া নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে আবারও সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেন, আগামী ২৫ অক্টোবরের মধ্যে দাবি না মানলে পরবর্তী সময়ে নতুন করে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। ১৮-দলীয় নেতা-কর্মীদের সেই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অবশ্য খালেদা জিয়া এর আগে আরও তিন দফা একই দাবি মেনে নিতে সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন। ২০১২ সালের ১২ মার্চ ঢাকায় জনসভা থেকে তিনি সরকারকে দাবি মানতে ৯০ দিন সময় দেন। দ্বিতীয়বার ২০১২ সালের ১১ জুন খালেদা জিয়া ঢাকায় আরেক জনসভা থেকে সরকারকে সময় বেঁধে দেন। যদিও সেখানে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ ছিল না। তিনি ওই বছরের আগস্টে হওয়া ঈদুল ফিতর পর্যন্ত সময় দেওয়ার কথা বলেন। তৃতীয় দফায় চলতি বছরের ৪ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।
গতকালের জনসভায় খালেদা জিয়া দেশের ছোট-বড় সব রাজনৈতিক দলকে জোটে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের স্বার্থে ছোট দল, বড় দল দেখা হবে না, ছোট নেতা বা বড় নেতা দেখা হবে না। আমরা বিভেদ চাই না, ঐক্য চাই।’
খালেদা জিয়ার আগমন উপলক্ষে শহরজুড়েই ছিল ব্যানার, পোস্টার আর তোরণের ছড়াছড়ি। গতকাল সকাল থেকেই রাজশাহী বিভাগের আটটি জেলার বিএনপিসহ ১৮-দলীয় জোটের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে, ঢোল-বাদ্য বাজিয়ে নেচে-গেয়ে জনসভাস্থলে আসতে থাকেন। তাঁরা নিজ নিজ সমর্থিত নেতার ছবিসংবলিত টি-শার্ট, গেঞ্জি, ব্যান্ড, ক্যাপ পরেন। তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্লোগান দেন। দুপুরের আগেই মাঠ ভরে যায়। পরে মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কগুলোতেও অবস্থান নেন নেতা-কর্মী-সমর্থকেরা।
জনসভায় জোটের শরিক জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁরা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন।
খালেদা জিয়া রাজশাহীর জনসভায় যোগ দেওয়ার জন্য গতকাল দুপুরে বগুড়া সার্কিট হাউস থেকে রওনা দেন। তিনি নওগাঁ হয়ে রাজশাহী পৌঁছান। পথে বিভিন্ন স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীরা।
বক্তব্যের শুরুতে খালেদা জিয়া রাজশাহীবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আপনারা সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ করেছেন জুলুম করে, দুর্নীতির টাকা দিয়ে, চুরি করে ভোটে জেতা যাবে না।’ তিনি আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের বিপক্ষের দল এবং দেশ ও জনগণের শত্রু বলে মন্তব্য করেন। তিনি বলেন, একসময় জামায়াত ছিল আওয়ামী লীগের বন্ধু। এখন নেই। তাই খারাপ হয়ে গেছে। খালেদা জিয়া কারও নাম উল্লেখ না করে সব রাজবন্দীর মুক্তির দাবি করেন।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, জামায়াতের সাংসদ আ ন ম শামসুল ইসলাম, খেলাফত আন্দোলনের মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামীসহ ১৮-দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।