ভোট চাইতে নয়, রুখতে এসেছি: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জিলা স্কুল মাঠে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে হাত দেখাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
রংপুর জিলা স্কুল মাঠে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে হাত দেখাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমি ভোট চাইতে আসিনি। ভোট রুখতে এসেছি। আওয়ামী লীগের পাতানো ভোট রুখতে হবে।’
আজ রোববার রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় এসব কথা বলেন খালেদা জিয়া। গতকাল শনিবার থেকে তিনি উত্তরাঞ্চল সফর শুরু করেছেন। বগুড়া ও রংপুরের পরে আগামীকাল সোমবার খালেদা জিয়া রাজশাহীতে যাবেন।

বিরোধী দলের নেতা নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন অথর্ব। মেরুদণ্ডহীন। তিনি বলেন, ‘এখনো যখন আছেন তখন মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। না হলে আপনাদেরও বিদায় নিতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমার নয়, তাঁর।’ তিনি বলেন, ‘আপনাকে মানার প্রশ্ন আসে না। আপনি দলীয়প্রধান। আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। আপনাকে বিদায় নিতে হবে।’

খালেদা জিয়া রংপুরের জনগণের উদ্দেশে বলেন, ‘সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামব। আপনারা নামবেন আমার সঙ্গে?’ এ সময় উপস্থিত জনতা  ‘হ্যাঁ’ বলে সমর্থন জানায়। খালেদা জিয়া হাসিমুখে বলেন, ‘রংপুরের জনগণ জেগেছে। এইবার তারা পারবে।’ তিনি বলেন, ‘জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে।’

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগের টার্গেট হচ্ছি আমি। কিন্তু আমি ভয় করি না, বহু অত্যাচার সহ্য করেছি। জেল খেটেছি। আওয়ামী লীগ সরকার কেবলমাত্র দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস আর চুরি করেছে। তারা শেয়ারবাজারের টাকা লুট করেছে, ব্যাংকের টাকা লুট করেছে।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘পদ্মা সেতু হলো না কেন? কারণ আওয়ামী  লীগ কমিশন খেয়েছে।’ সরকারি দলকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘আপনাদের অন্যায়ের বিচার আল্লাহ করবেন। আল্লাহ এই দুনিয়াতেই বিচার দেখাবে।’  বিরোধী দলের নেতা আরও বলেন, তাঁরা সব রাজবন্দীর মুক্তি চান। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ইলিয়াস আলীকে গুম করেছে কে?’ খালেদা জিয়া বলেন, ‘তারা বলে, বিএনপি এলে নাকি সন্ত্রাস হবে। আমি বলি আওয়ামী  লীগ ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস ও লুটপাট বাড়ে। বিএনপি এলে সব সন্ত্রাসীকে ধরে।’ আওয়ামী লীগ  আমলে যশোরের উদীচী ও পল্টনে বোমা ফুটেছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বিশ্বজিেক কারা হত্যা করেছে? আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ সন্ত্রাস ও সন্ত্রাসীদের লালন করে।’

সীমান্তের নিরাপত্তা সম্পর্কে প্রশ্ন তুলে খালেদা জিয়া বলেন, সীমান্তে শুধু  ফেলানী নয়, তার মতো অনেককে হত্যা করা হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সীমান্তে কেন নিরাপত্তা নেই?’

বক্তব্যের শেষ পর্যায়ে ক্ষমতায় এলে বিএনপি যেসব উন্নয়নকাজ করবে তার বর্ণনা দেন খালেদা জিয়া। তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি বিসিএসের কোটা প্রথা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে নিয়ে আসবে। তিনি বলেন, ‘বিসিএসে কোটা প্রথা তুলে দিয়ে মেধার ভিত্তিতে চাকরি দেব। এই সরকারের বয়স আর তিন মাস। সরকারকে বিদায় নিতেই হবে, নিতেই হবে।’

খালেদা জিয়া বলেন, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ১৮ দল ক্ষমতায় আসবে। ক্ষমতায় এসে দেশে পরিবর্তনের রাজনীতি করব। দেশ বাঁচাতে হবে। দুর্নীতি বন্ধ করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। খালেদা জিয়া বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সে কাজ হয়নি। বিএনপি ক্ষমতায় এলে ওই বিশ্ববিদ্যালয় হবে। তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি বিদেশি বিনিয়োগ বাড়াবে। সব জেলায় সুষম উন্নয়ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলা হবে।