ভোট চেয়ে বিজ্ঞাপন দেওয়ায় নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে পত্রিকায় ভোট চেয়ে কোনো ধরনের রঙিন ও সাদা-কালো বিজ্ঞাপন দেওয়া যাবে না। সংশ্লিষ্ট মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বা তাঁদের অনুসারী বা দল থেকে ভোট চেয়ে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ নেই। এ ধরনের প্রচারণা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের শামিল।
গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী বা তাঁর পক্ষে ভোট চেয়ে কেউ বিজ্ঞাপন দিতে পারেন না। কেউ এ ধরনের প্রচারণা চালালে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন পর্যবেক্ষক দলকে নির্দেশ দেওয়া হয়েছে।