ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট ছাড়া আরও ৪২ জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হওয়ার পথে। এঁদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত। এ ছাড়া ১০০টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ১২ মে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই হিসাব পাওয়া গেছে।
২৮ মে পঞ্চম ধাপে ৭২৯টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
এর আগে প্রথম ধাপে ৭১২টি ইউপিতে ৫৪ জন, দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউপিতে ৩৪, তৃতীয় ধাপে ৬১৫টিতে ২৯ জন এবং চতুর্থ ধাপে ৭০৩টি ইউপিতে ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এঁরা সবাই আওয়ামী লীগ মনোনীত। সব মিলিয়ে চতুর্থ ধাপ পর্যন্ত আওয়ামী লীগের ১৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও ৪২: নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী একজন করে (বিনা প্রতিদ্বন্দ্বিতা) প্রার্থী রয়েছে এমন ৪২টি ইউপি হলো কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি, নাঙ্গলকোটের বক্সগঞ্জ, বুড়িচংয়ের ভাবেল্লাপুর; চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজনগর, শিলক, পদুয়া ও কোদালা ইউনিয়ন, চন্দনাইশের জোয়ারা; চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ী, দুর্গাপুর, একলাশপুর, ইসলামাবাদ, মোহনবাদ, সাদুল্লাপুর, ষাটনল ও ফতেপুর; নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মনদী, দুর্গারা, ফতেপুর, হাইজাদি, কালাপাহাড়িয়া, মাহমুদপুর, সাতগ্রাম ও উচিত্পুর; নড়াইলের লোহাগড়ার কাশিপুর; ফেনীর দাগনভূঞার জয়লষ্কর; মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার, চরকেবয়ার ও বাউসিয়া; শরীয়তপুরের নড়িয়ার ভজেশ্বর, ভুমখাড়া, চামটা, ডিংগামানিক ও জপসা, জাজিরা উপজেলার বিলাসপুর; সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী, গান্ধাইল, তেকনী, মনসুরনগর ও খাসরাজবাড়ী এবং মানিকগঞ্জ সদরের বেতিলা মিতরা ও দিঘী ইউনিয়ন।
পঞ্চম ধাপের নির্বাচনে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। এই তিনটি ইউনিয়ন হলো কিশোরগঞ্জের অষ্টগ্রামের আদমপুর ও খয়েরপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ৭২৯টি ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ২৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭২৭ এবং স্বতন্ত্র ১ হাজার ৫২৭ জন।