ভোট ছাড়াই বিজয়
১২৭ আসনে আ.লীগ, ১৮ আসনে জাপা, ৩ আসনে জাসদ, ২ আসনে ওয়ার্কার্স পার্টি ও ১ আসনে জেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন

নির্বাচনী কলঙ্কের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। ৩০০ আসনের মধ্যে ১৫১ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটাতে যাচ্ছে নির্বাচন কমিশন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনের জনক বিএনপি ইতিমধ্যে একে ‘চরম হাস্যকর’ নির্বাচন উপাধি দিয়েছে। ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ‘প্রহসনের নির্বাচন’-এর তকমা পেয়েছিল স্বৈরশাসক এরশাদের ১৯৮৮ সালের নির্বাচন। ১৯৮৮ সালে ১৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। আর ১৯৭৩ ও ১৯৭৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ১১ জন করে।
১৯৮৮ আর ১৯৯৬-এর নির্বাচনকে ভোটারবিহীন নির্বাচনও বলা হয়। ২০১৪ সালের নির্বাচন হয়তো প্রার্থীবিহীন (অর্ধেক আসনে একজন প্রার্থী) নির্বাচনের অভিধা বরণ করতে যাচ্ছে। আগের নির্বাচনগুলোর তুলনায় এবারই সবচেয়ে কম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ অবস্থায় বিএনপি ও জাতীয় পার্টির মতো ‘তামাশার নির্বাচনের কলঙ্ক তিলক’ পরতে যাচ্ছে আওয়ামী লীগও। দলটির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে এই আক্ষেপ জানিয়ে বলেছেন, এ নিয়ে দলের শীর্ষ পর্যায়ের তেমন ভাবান্তর আছে বলে মনে হচ্ছে না।
গতকাল শনিবার পর্যন্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ১৫১টিতে একজনের বেশি প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। এই একক প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ১২৮, জাতীয় পার্টি ১৮, জাসদ তিন, ওয়ার্কার্স পার্টি দুই ও জাতীয় পার্টি (জেপি) একটি আসনে বেসরকারিভাবে বিজয়ী হতে চলেছে।
ফলে দেশের মোট ভোটারের প্রায় অর্ধেকই ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। বাকি অর্ধেক ভোটার ওই সুযোগ পেলেও তাঁদের কত ভাগ ভোটকেন্দ্রে যাবেন, তা নিয়ে নির্বাচন কমিশন এখনই চিন্তিত। নির্বাচন বর্জনকারী বিএনপি গতকাল বলেছে, ‘সাংবিধানিক বাধ্য-বাধকতার কথা বলে নির্বাচন কমিশন রাষ্ট্রের প্রধান নির্বাহীর ফরমায়েশি প্রতিষ্ঠানের মতো কাজ করছে।’
১৯৮৮ সালের নির্বাচনে ‘গৃহপালিত বিরোধী দল’-এর স্রষ্টা এরশাদ নিজেই এবার গৃহপালিত বিরোধী দল হওয়ার কলঙ্ক নিয়ে মরতে চান বলে জানিয়েছিলেন। তাঁকে পোষ মানাতে গিয়ে প্রকাশ্যে গলদঘর্ম হচ্ছে তখনকার নির্বাচন বর্জনকারীদের অন্যতম দল আওয়ামী লীগ।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের কর্মসূচিতে নজিরবিহীন নাশকতা, প্রাণহানি ও যোগাযোগ বিচ্ছিন্নতায় দেশজুড়ে উদ্বেগ-উৎ কণ্ঠা চলছে। এর মধ্যে সরকার ও জাতীয় পার্টির সামগ্রিক কর্মকাণ্ড কৌতুককর হয়ে উঠেছে। এই প্রক্রিয়ায় প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার সক্রিয়তা অনেকটাই প্রকাশ্য হয়ে গেছে।
অনিয়মই নিয়ম: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু কমিশনের গত কয়েক দিনের কর্মকাণ্ড এর স্বাধীন অস্তিত্বকে প্রশ্নের সামনে ফেলেছে।
গত শুক্রবার বিকেল পাঁচটায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হয়ে গেলেও গতকাল সকাল পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের অনেকের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কমিশনের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর একজন সাবেক উপদেষ্টা এই প্রক্রিয়া তদারক করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
কতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন, কতজন প্রত্যাহার করেছেন, কোন দলের কতজন প্রার্থী আছেন—চাপাচাপিতে পড়ে এসব হিসাবও এখনো মেলাতে পারেনি নির্বাচন কমিশন।
গতকাল বিকেল পাঁচটার মধ্যে সব প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করে চূড়ান্ত প্রার্থীর তালিকা পাঠানোর কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল ও নেত্রকোনার রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থীর তালিকা পাঠাতে পারেননি।
কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (জেপি), ওয়ার্কার্স পার্টি, জাসদ ও তরীকত ফেডারেশনের মধ্যে সমঝোতা এবং আসন ভাগাভাগির কারণে প্রার্থিতা প্রত্যাহার নিয়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে।
নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নির্বাচন কমিশন যথাযথ আইন মানছে না। সমঝোতা অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন জেপিকে ছেড়ে দেওয়ার কথা আওয়ামী লীগের। ফলে তাদের প্রার্থী র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার কথা। গতকাল মুকতাদির চৌধুরী রিটার্নিং কর্মকর্তাকে ফোনে জানিয়েছেন, তাঁর নামে যে প্রত্যাহারের আবেদন জমা পড়েছে, সেটি তাঁর নয়। ফলে গতকাল তাঁর প্রার্থিতা আবার বহাল করেছে কমিশন।
বগুড়া-৬ আসন জাপার নুরুল ইসলাম ওমরকে দিয়ে আওয়ামী লীগের রাগেবুল আহসানের সরে দাঁড়ানোর কথা। কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, শুক্রবার শেষ সময় পর্যন্ত রাগেবুল মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। কিন্তু গতকাল রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, রাগেবুল প্রত্যাহার করেছেন। কেন্দ্রের চাপে তিনি গতকাল সকালে পেছনের তারিখ দিয়ে প্রত্যাহার আবেদন জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সিলেটে রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, সিলেট-২ আসনে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন শুক্রবার নির্ধারিত সময়ে না দিয়ে রাত ১০টার পর প্রত্যাহার করেন। এ দুটি আসন জাপাকে দেওয়া হয়েছে। হবিগঞ্জ-১ আসনেও একই ঘটনা ঘটেছে।
রিটার্নিং কর্মকর্তা বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া ও বরিশাল-৬ আসনে একই দলের নাসরিন জাহানকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দিয়েছেন। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত এই দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী সিরাজ উদ্দীন আহমেদ ও আবদুল হাফিজ মল্লিককে প্রতীক বরাদ্দ দেননি। কমিশন সচিবালয় থেকে রিটার্নিং কর্মকর্তাকে কয়েক দফা ফোনে অনুরোধ জানালেও বিকেল পর্যন্ত তিনি অনুরোধ রাখেননি। কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশনকে এড়িয়ে রিটার্নিং কর্মকর্তা সরকারের উচ্চপর্যায়ের নির্দেশ মান্য করেছেন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, কক্সবাজার-১ আসনে দুজন প্রার্থী ছিলেন বলে শুক্রবার কমিশনে তথ্য পাঠিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু গতকাল সকাল ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সে জন্য জাতীয় পার্টির মোহাম্মদ ইলিয়াছ একক প্রার্থী। জাফর আলম কখন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
এই সব অনিয়মের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার আবেদন গ্রহণের সর্বময় কর্তৃত্ব রিটার্নিং কর্মকর্তাদের। এ ক্ষেত্রে কমিশনের কিছু করার নেই। আপিলের সুযোগ থাকলে কমিশনের পক্ষে কিছু করার সুযোগ থাকত। তিনি বলেন, ‘কেন অনিয়ম হচ্ছে, সে বিষয়ে আপনারা রিটার্নিং কর্মকর্তাদের প্রশ্ন করেন।’
আরও অনিয়ম: জাসদ, ওয়ার্কার্স পার্টি ও তরীকত ফেডারেশনকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয় নিয়েও আইনি প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার সিইসির কাছে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তিন দলের ১০ জন প্রার্থীকে জোটবদ্ধ প্রার্থী হিসেবে উল্লেখ করে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান। কমিশন সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তাদের প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছে।
বিষয়টি আরপিওর পরিপন্থী। আরপিওর ২০ ধারায় বলা আছে, একাধিক রাজনৈতিক দল জোটবদ্ধভাবে নির্বাচন করলে তা তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। কিন্তু আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও তরীকত ফেডারেশন কখন নির্বাচনী জোট গঠন করেছে, তা তারা কমিশনকে জানায়নি বলে সূত্র জানায়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
২০১৪ দশম সংসদ ১৫১
১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ৪৯
১৯৮৮ চতুর্থ সংসদ ১৮
১৯৭৯ দ্বিতীয় সংসদ ১১
১৯৭৩ প্রথম সংসদ ১১