রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে নির্বাচনী পথসভায় এসে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। কেউ আপনাদের কিছু করতে পারবে না।’ সভা শেষে তিনি নির্বাচনী এলাকা না ছাড়তেই তাঁর গাড়ির বহরে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। রাতে গ্রামে গ্রামে এসে সাধারণ মানুষকে শাসিয়ে যায় মুখোশধারীরা। এ অবস্থায় অনেক এলাকায় ভোটকেন্দ্রে যাওয়ার নিরাপত্তা নিয়ে মানুষ চিন্তিত হয়ে পড়েছে।
এলাকার অনেকে জানান, কাল রোববার অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর সভা-সমাবেশ সবখানেই হামলার ঘটনা ঘটছে। এবার মাঠে নেমেছে ভোটারদের শাসিয়ে যাওয়া বাহিনী। তারা ভোটারদের হাত-পা গুঁড়ো করে দিয়ে যাওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় বিছিন্নভাবে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। বৃহস্পতিবার চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের পাশের পুকুর পাড়ে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া ওই দিন সন্ধ্যায় উপজেলার হলিদাগাছি এলাকায়ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চারঘাটের কয়েকটি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে হলিদাগাছি, নিমপাড়া, শলুয়া, পাটিয়াকান্দি, জায়গীরপাড়া, নন্দনগাছি, চৌমহনী, বাঘার মশিদপুর, বাজুবাঘা, ছাতারী ও মনিগ্রাম ইউনিয়নের পুরো এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল শুক্রবার দুপুরে চারঘাটের হলিদাগাছি রেলগেট বাজারে কথা হয় এক পান দোকানির সঙ্গে। প্রথমে অপরিচিত মানুষ দেখে কথা বলতেই ভয় পাচ্ছিলেন। পরে কথায় কথায় তিনি জানান, বৃহস্পতিবার রাত নয়টা থেকে সাড়ে নয়টার দিকে মুখোশধারী ১০-১২ জনের একটি দল এই এলাকায় আসে। তারা ৫ জানুয়ারির ভোট দিতে কেন্দ্রে গেলে হাত-পা গুঁড়ো করে দেওয়ার হুমকি দিয়ে যায়। তিনি ভয়ে কোনো কথা বলতে পারেননি। কাউকে চিনতেও পারেননি।
জুতার দোকানি সুভাস দত্ত জানান, পানের দোকানে মুখোশধারীদের দেখে তিনি দোকান বন্ধ করে তড়িঘড়ি করে বাড়ি চলে যান। ওষুধের দোকানি আমিনুল জানান, আগে থেকেই তাঁরা ভয়ে ছিলেন। এর মধ্যে ওদের দেখেই তিনি ভয়ে দোকান বন্ধ করে দ্রুত চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, গত দেড়-দুই মাস থেকে রেলগেট বাজারে একদিনের জন্যও তাঁরা শান্তিতে বসতে পারেননি। একের পর এক হামলা-হুমকি চলছেই। এখন ভোট দিতে পারবেন কি না জানেন না। প্রায় রাতেই মুখোশধারীরা হাতে রামদা, লাঠিসোঁটা ও পেট্রলবোমা নিয়ে আসে। আর শাসিয়ে যায়।
জায়গীরপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার জানান, এ এলাকার আওয়ামী লীগের লোকজনের মধ্যে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। রাতে মুখোশধারীরা এসে হুমকি দিয়ে যাচ্ছে। প্রকাশ্যে দিনের বেলায় এসে নির্বাচনী কার্যালয়ে হামলা করে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাঁরা ভোটকেন্দ্রে যাওয়ার নিরাপত্তা নিয়েই চিন্তায় আছেন। হাত-পা গুঁড়ো করে দেওয়া হবে বলে তারা শাসিয়ে যায়। তারা দেখে কোথাও নির্বাচনী পোস্টার আছে কি না। আওয়ামী লীগের লোকজন প্রচারণা চালাচ্ছে কি না।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্তুজা জানান, সরদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন তাঁকে ফোন করেছিলেন যে মুখোশধারীরা এলাকায় ঢুকেছে। তাদের চেনা যাচ্ছে না। তাদের গতিবিধিও ভালো লাগছে না। এ কথা শোনার পর তিনি যৌথ বাহিনীর সদস্যদের নিয়ে হলিদাগাছি রেলগেট বাজারে যান। তার আগেই তারা পালিয়ে যায়। তিনি বলেন, পাঁচ-সাতটি গ্রামের মানুষ চিন্তায় রয়েছে। ভোটের দিন তারা এগুলোতে বাড়তি নজর রাখবেন।
এদিকে বাঘার হাবাসপুর সংখ্যালঘু পল্লির চারটি বাড়িতে কিছুদিন আগে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। গত কয়েক দিন আগে রাতের অন্ধকারে তাদের ৮২টি গাছ কেটে ফেলা হয়েছে।
ভুক্তভুগী শ্রীকৃষ্ণ প্রামাণিক জানান, ভয়ে তাঁরা কারও নামে মামলা পর্যন্ত করতে পারেননি। তাঁদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এ অবস্থায় ভোট দেওয়া নিয়েও তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, উপজেলার মনিগ্রাম ইউনিয়নজুড়েই টেনশন রয়েছে। এ এলাকায় তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।