ভোট ডাকাতি করতে চাইলে জবাব দেবে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করা হলে গাজীপুরবাসী এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, ‘সরকার দোয়াত-কলম প্রতীককে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে।’ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আলাউদ্দিন টাওয়ারে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ১৮-দলীয় জোট প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হান্নান শাহ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম, বিএনপিন নেতা সরুজ উদ্দিন প্রমুখ। হান্নান শাহ বলেন, সরকার নির্বাচনে ষড়যন্ত্র করার জন্য গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় শতাধিক লোক জড়ো করেছে। স্থানীয় তহশিলদার তাঁদের খাওয়া-দাওয়ার ব্যাবস্থা করছেন। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের জোর করে ধরে এনে গাজীপুরে জড়ো করছে। সরকার প্রতিদিন আচরণবিধি লঙ্ঘন করছে।