ভোট ডাকাতির আশঙ্কা তরিকুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহিন চাকলাদারের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। কাল রোববারের নির্বাচনে আওয়ামী ভোট ডাকাতি করতে পারে বলে তারা অভিযোগ করেছে। তা অস্বীকার করে আওয়ামী লীগ পাল্টা অভিযোগ করেছে।
গতকাল শুক্রবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে দুই দলের নেতারা পৃথক সংবাদ সম্মেলন করে ওই সব অভিযোগ করেন।
বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপির সংবাদ সম্মেলন শুরু হয়। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসীদের মদদ দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী শাহিন চাকলাদারে বিরুদ্ধে নির্বাচন কমিশনে এ পর্যন্ত ১০টি অভিযোগ দাখিল করেছি। কিন্তু ইসি বিষয়টি আমলে নেয়নি। শাহিন চাকলাদারের মোটরসাইকেল প্রতীক এখন “দা” প্রতীক হয়ে গেছে। তাঁর কর্মীরা দা নিয়ে মিছিল করছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করছে। পুলিশ কিছুই বলছে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করার অপরাধে অবিলম্বে শাহিন চাকলাদরকে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করছি।’
সদর উপজেলার ১৬৫ ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ভোট ডাকাতি প্রতিহত করতে লাঠি নিয়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রত্যেকের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তরিকুল বলেন, ‘সন্ত্রাসীরা সব সময় ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকে। বিএনপির আমলেও ছিল, এখনো আছে।’
একই স্থানে সন্ধ্যা ছয়টার দিকে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জহুর আহমেদ বলেন, বিএনপির অভিযোগ উদ্দেশ্যমূলক। বাস্তবের সঙ্গে মিল নেই। বিএনপি-সমর্থিত প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে তারা বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী এনে ভোট ডাকাতির চেষ্টা করছে। এটিকে আড়াল করতে তারা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলছে।