দশম জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে চাঁদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর ও জয়পুরহাট জেলার সব আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ভোট দিতে না পেরে অধিকাংশ ভোটার হতাশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র নাইম হোসেন বলেন, ‘২০১২ সালে আমি ভোটার হয়েছি। ভোট দেওয়ার অনেক ইচ্ছে ছিল। কিন্তু দেশের যে পরিস্থিতি দেখছি, চাঁদপুরে ভোট হলেও আমি ভোট দিতে যেতাম না।’ চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী জেসমিন আক্তার বলেন, ‘আমি এবারই ভোটার হয়েছি। কিন্তু ভোট দিতে হবে না শুনে খুবই কষ্ট লাগছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, জেলায় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু ভোটাররা ভোটের স্বাদ থেকে বঞ্চিত রয়ে গেলেন।
শরীয়তপুর: শরীয়তপুর-১ আসনে বি এম মোজামেঞ্চল হক, শরীয়তপুর-২ আসনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী ও শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে জেলার প্রায় সাত লাখ ভোটারের মধ্যে লক্ষাধিক নতুন ভোটারও জীবনের প্রথম ভোট দিতে পারছেন না।
ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর গ্রামের লোকমান হোসেন (২০) বলেন, ‘এবারের নির্বাচনে জীবনের প্রথম ভোট দিতে পারব—এমন প্রত্যাশাই ছিল। কিন্তু শরীয়তপুরে নির্বাচন না হওয়ায় আমরা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হলাম।’ সুজনের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ইসমাইলি বলেন, ভোট প্রয়োগ ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া মঙ্গলজনক নয়। এমন জনপ্রতিনিধিদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা কমে যাবে। এলাকার উন্নয়ন ব্যাহত হবে।
রাজবাড়ী: রাজবাড়ী সরকারি কলেজের স্নাতক শিক্ষার্থী ফারজানা তাবাস্সুম বলেন, ‘ভোট এল, জনপ্রতিনিধি নির্বাচিত হলো; কিন্তু কাউকে ভোট চাইতে দেখলাম না। ভোট দিতে না পেরে খারাপ লাগছে।’ রাজবাড়ী শহরের রেলগেট এলাকার বাদাম বিক্রেতা আবুল খাঁ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হতো। এই নির্বাচন দেশে অশান্তি সৃষ্টি করবে।
জয়পুরহাট: জয়পুরহাট-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম এবং জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই জেলায় নির্বাচন হচ্ছে না।
শহরের সবুজনগর এলাকার আনিকা তাসনিম এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন। তাঁর আশা ছিল প্রথম ভোট দেখেশুনে পছন্দের প্রার্থীকে দেবেন। কিন্তু সে আশা পূরণ হলো না।
কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের তিনটি আসনেই ভোটারদের ভোট দিতে হবে না। তিন আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে মো. নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনে শাজাহান খান ও মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদর একাংশ) আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
রাজৈর মহাবিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্র জুয়েল খান বলেন, ‘ইচ্ছে ছিল জীবনে প্রথমবার ভোট দিব। পারলাম কই? নির্বাচনই হলো না।’ বাংলাদেশ সংখ্যালঘু মানবাধিকার কংগ্রেসের মাদারীপুর জেলা কমিটির সভাপতি সুবল বিশ্বাস বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই হাসিমুখে ভোট দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচন না হওয়ায় জনগণ হতাশ।
মানবাধিকার সংস্থা মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ বলেন, সবার অংশগ্রহণে নির্বাচন হওয়া উচিত। ভোটবিহীন নির্বাচন কারও কাম্য নয়।