তরুণ ভোটাররা ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফাভাবে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন এবং পরে উপজেলা নির্বাচনের প্রসঙ্গ তুলে তাঁরা এই আশঙ্কা প্রকাশ করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত তরুণ প্রজন্মের নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় গতকাল রোববার তাঁরা এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরে পিপলস বিশ্ববিদ্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সালাউদ্দিন বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে তো ভোট দিতে পারিনি। এখন সিটি করপোরেশনে সত্যি সত্যি ভোট দেওয়ার সুযোগ পাব তো?’
মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানের প্রধান আলোচক ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার উপস্থিত তরুণ ভোটারদের শপথবাক্য পড়ান। শপথে তাঁরা বলেন, ‘ভোট দেওয়াকে দায়িত্ব মনে করে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্মব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, বিল ও ঋণখেলাপিকে ভোট দেব না।’
পিপলস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোফাক্কের, মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।