ভোট দিতে পারবেন কি না, শঙ্কিত নতুনেরা
তরুণ ভোটাররা ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফাভাবে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন এবং পরে উপজেলা নির্বাচনের প্রসঙ্গে তুলে তাঁরা এই আশঙ্কা প্রকাশ করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত তরুণ প্রজন্মের নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় আজ রোববার তাঁরা এ সব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরে পিপলস বিশ্ববিদ্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। তরুণেরা বলেন, শুধু প্রার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করলে চলবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, নির্বাচন কমিশনকে তা নিশ্চিত করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সালাউদ্দিন বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে তো ভোট দিতে পারিনি। এখন সিটি করপোরেশনে সত্যি সত্যি ভোট দেওয়ার সুযোগ পাব তো? ’ অপর এক ছাত্র বলেন, ‘আমরা ভোট দিই না। ভোটকেন্দ্রে যাওয়ার আগেই আমাদের ভোট নিয়ে নেওয়া হয়। তাহলে কীভাবে আমরা ভোট দেব? ’
ছাত্ররা আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হলে দেশের রাজনৈতিক অস্থিরতা কমে যাবে। সে জন্য রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও হামলা বন্ধ করতে হবে।
মতবিনিময়সভা শেষে অনুষ্ঠানের প্রধান আলোচক ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার উপস্থিত তরুন ভোটারদের শপথবাক্য পড়ান। শপথে তাঁরা বলেন, ‘ভোট দেওয়াকে দায়িত্ব মনে করে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ম ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, বিল ও ঋণ খেলাপিদের ভোট দেব না।’
পিপলস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোফাক্কের, মো. ওয়াহিজ্জামান প্রমুখ।