ভোট দিতে পারেনি সংখ্যাগুরুরাও

ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও ধর্মীয় সংখ্যালঘুদের ভোট দিতে না পারার আশঙ্কাই সত্যি হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। সকাল আটটায় ভোট শুরু হতে না হতেই কেন্দ্র দখল করে সরকারি দল সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মেরে বাক্সভর্তি করেছে দলীয় ক্যাডাররা। ফলে এ উপজেলার নির্বাচনে শুধু ধর্মীয় সংখ্যালঘুই নন, ভোট দিতে পারেননি সংখ্যাগুরু সাধারণ ভোটাররা।
‘ভাই’য়ের প্রভাবপুষ্ট প্রশাসনের প্রশ্রয় ও সহযোগিতায় বিনা বাধায় বেলা ১১টার মধ্যেই ভোট গ্রহণ অনেকটাই শেষ হয়ে যায়। নির্বাচনী অনিয়ম ঠেকাতে কমিশন কঠোর হওয়ার ঘোষণা দিলেও এখানে নির্বাচনী কর্মকর্তাদের অসহায় দেখা গেছে।
কেন্দ্র দখল, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া ও ভোট জালিয়াতির অভিযোগ করেছেন এখানকার পাঁচ প্রার্থীর মধ্যে চারজনই। সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। আজ উপজেলায় অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট জালিয়াতির ভয়াবহ চিত্র দেখা যায়। এ প্রতিবেদক সকাল পৌনে আটটা থেকে উপস্থিত ছিলেন উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে। এ কেন্দ্রে ৫০ গজের মধ্যেই আগৈলঝাড়া থানা। কেন্দ্রের ঠিক ১০০ গজ পেছনেই সেনা ক্যাম্প। সকাল আটটার আগে থেকেই ভোটকেন্দ্রের বাইরে মানুষের জটলা। ভোট কেন্দ্রের বুথগুলোর সামনে বেশ দীর্ঘ সারি। হঠাত্ করেই আটটা সাত মিনিটে কেন্দ্রটির নয়টি বুথে প্রবেশ করেন পাঁচ-ছয়জনের একেকটি দল। নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মর্তুজা খানের আনারস প্রতীকে সিল মেরে বাক্সে ভরে তারা। এ সময় পোলিং অফিসারদের অনেকটা অসহায়ের মতো ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়।
এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বখতিয়ার উদ্দিন কেন্দ্রের সামনের মাঠে দাঁড়িয়ে ছিলেন। কেন্দ্রের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন মাঠে। তাঁদের কাছে কেন্দ্রের ভেতরের অবস্থার কথা এ প্রতিবেদক জানালেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা তাঁদের কাছে কোনো সহায়তা না চাইলে তাঁরা ভেতরে যেতে পারেন না।’ এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, আটটার সময়ই কেন্দ্রের নয়টি বুথের প্রতিটিতে ২০০টি করে ব্যালট পেপার পোলিং অফিসারদের সরবরাহ করা হয়েছে। সাড়ে আটটার দিকে পোলিং বুথ গুলোতে গিয়ে দেখা যায় সবগুলো ব্যালটই বাক্সে ভরা হয়েছে। অর্থাত্ ভোট শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় সরবরাহ করা সব ব্যালটই শেষ হয়ে গেছে। প্রথম আধা ঘণ্টায় ব্যালট বাক্সে ভোট ঢুকেছে এক হাজার ৮০০টি। কেন্দ্রটির মোট ভোট দুই হাজার ৮৭৮টি। দিন শেষে এ কেন্দ্রে দুই হাজার ৩৪২ ভোট পড়েছে বলে জানা গেছে।
এ সময় কেন্দ্রের সামনে কথা হয় কয়েকজন ভোটারের সঙ্গে। কালাম ভূঁইয়া নামের এক তরুণ জানালেন তিনি ভেতরে গিয়ে ভোট দিতে পারেননি। তাকে বলা হয়েছে, ‘এবার আর ভোট দেওয়ার দরকার নেই। পরের বার ভোট দিতে পারবেন।’ এ সময় একজন নারী ভোটার ভোট দিতে পারবেন না জেনে ক্ষিপ্ত হয়ে পড়েন। তরুণদের উদ্দেশে বলেন, ‘আমার ভোট আমি দিতে পারব না ক্যান? ভোট দিতে না পারলে ঝাড়ু দিয়া পিটামু।’ পরে অবশ্য তাঁকে ভোট দিতে দেওয়া হয়।
উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টায় উপস্থিত হলে সেখানকার বেশ কয়েকজন ভোটার বলেন, ‘আপনেরা কী দ্যাকতে আইছেন? ভোডের কাম শ্যাষ। যা অওয়ার অইয়্যা গ্যাছে।’ ভেতরে গিয়ে দেখা যায়, বিভিন্ন বুথে ব্যালট পেপারে সিল মারছেন আনারস প্রতীকের সমর্থকেরা। প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমানকে ওই সময় কেন্দ্রে খুঁজে পাওয়া যায়নি। তবে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, ওই সময় কেন্দ্রের চার হাজার ৫১৪ ভোটের মধ্যে তিন হাজারেরও বেশি ভোট গ্রহণ শেষ হয়েছে।
উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া নয়টায় গিয়ে দেখা গেছে, কেন্দ্রের এক হাজার ২৬১ ভোটের মধ্যে ৮৫০ ভোট দেওয়া শেষ হয়েছে।
নগরবাড়ী কেন্দ্রের ভোটার লোকমান সর্দার জানান, সকাল ১০টায় ভোট দিতে গেলে তাঁকে বলা হয়, ‘ব্যালট পেপার শেষ হয়ে গেছে।’
উপজেলার প্রায় প্রতিটি কেন্দ্রে একই চিত্র দেখা গেছে। বেলা ১১টার মধ্যে প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনেকটাই শেষ পর্যায়ে ছিল। এরপর থেকে কেন্দ্রগুলোতে অলস সময় কাটাতে দেখা যায় নির্বাচনী কর্মকর্তাদের।
নির্বাচনে ভোট জালিয়াতির এ অবস্থা দেখে সকালেই ক্ষোভ প্রকাশ করেন এখানকার পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনই। ‘প্রহসনের নির্বাচন’ স্থগিত করে সব কেন্দ্রেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তাঁরা। বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম আফজাল হোসেন সকাল ১০টায় আগৈলঝাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানান। ভোট স্থগিত ও পুনর্নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছেন তিনি। এ ছাড়া আজ দুপুর ১২টা পর্যন্ত আগৈলঝাড়ায় হরতালের ঘোষণা দেন তিনি। অনিয়মের অভিযোগ এনে এর পরপরই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিন খান এবং ইসলামী আন্দোলনের রফিকুন্নবী ভাট্টি সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানান। আওয়ামী লীগের আগৈলঝাড়া শাখার সাধারণ সম্পাদক ও নির্বাচনে বিদ্রোহী প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রিও নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, জোর করে ভোট দানে বিরত রাখা, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনেছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, সব কেন্দ্রের ভোট স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, পুনর্নির্বাচনের আবেদন উপজেলা নির্বাচন অফিসে দেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন। এগুলো হাতে এলেই নির্বাচন কমিশন সচিবালয়ে সিদ্ধান্তের জন্য পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
আগে থেকেই আশঙ্কা
আগৈলঝাড়া উপজেলা নির্বাচন নিয়ে আগে থেকেই আশঙ্কা ছিল ভোটারদের মধ্যে। বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মর্তুজা খান এবং দলটির সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা ছিল ভোটারদের। এ এলাকার প্রায় ৯৯ হাজার ভোটারের মধ্যে ৫৪ হাজারের মতো ভোটার হিন্দু সম্প্রদায়ের হওয়ায় যতীন্দ্রনাথের সমর্থনের পাল্লা ভারী ছিল বলে মনে করেছেন তাঁরা। কিন্তু নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকেই যতীন্দ্রনাথ তাঁর সমর্থকদের নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ তুলে উপজেলা নির্বাচনে ভোট দেওয়া নিয়ে আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা। সরকারি দল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষ নিয়ে তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়। তবে সরকারি দল ও প্রশাসন এসব অভিযোগ নাকচ করে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি গতকাল সকালে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগ-সমর্থিত আনারস প্রতীকের সমর্থকেরা বলেছেন, যাঁর যা-ই সমর্থন থাকুন না কেন, সকাল ১০টার মধ্যে ভোট গ্রহণ শেষ হবে। সেই ঘটনাই সত্যি হলো।’
প্রশাসনের প্রশ্রয় ও সহযোগিতা
নির্বাচনে যথেষ্টসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও তাঁদের সেভাবে সক্রিয় দেখা যায়নি। প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীই গোলাম মর্তুজা খানের কর্মী সমর্থকদের প্রতি প্রশাসনের প্রশ্রয় ও সহযোগিতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকটাই নির্বিকার দেখা গেছে নির্বাচনী শৃঙ্খলা রক্ষায়। নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় যান চলাচল সীমিত থাকার কথা থাকলেও উপজেলার সড়কগুলোতে মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে তরুণদের। পাশের গৌরনদী ও বাবুগঞ্জ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে আগৈলঝাড়ায় নির্বাচনী তত্পরতা চালিয়েছেন। তাঁদের অনেকেই নির্বাচনী কেন্দ্রগুলোর সামনে থেকে ভোট জালিয়াতি ও ব্যালট পেপারে সিল মারার কাজে তদারকি করেছেন। এ বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চুপ থাকতে দেখা গেছে। অনেক ভোটারই বলেছেন, পাশের উপজেলাগুলো থেকে যাঁরা এসেছেন তাঁদের কেউই সাধারণ কর্মী নন। দলের ও অঙ্গসংগঠনগুলোর প্রভাবশালী ও পরিচিত মুখ।
ভাইয়ের প্রভাব
আগৈলঝাড়ায় প্রশাসনের প্রশ্রয় ও সহযোগিতার পেছনে এলাকার সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদের প্রভাব কাজ করেছে বলে মনে করেন অনেক ভোটারই। ভোটকেন্দ্রে ব্যালট পেপারে সিল মারতে থাকা তরুণেরাও তাই মনে করে। আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে কয়েকজন তরুণের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, তাঁদের কিছু হলে ‘ভাই’ তাঁদের রক্ষা করবেন। তবে সাধারণ মানুষ বা অন্যরা কেউই ভাইয়ের নামটি নিতে চান না। নির্বাচন সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাও ভাইয়ের নজরে আসার জন্যও ভোটের বিষয়ে অতি উত্সাহী হয়ে সরকারি দলের পক্ষে কাজ করেছেন। ব্যালটে সিল মারতে দেখে নির্বিকার থেকেছেন। উপজেলার প্রবীণ কয়েকজন শিক্ষক ও রাজনৈতিক কর্মী জানান, জাতীয় রাজনীতিতে ভাই এখন তেমন প্রভাব না রাখলেও নিজের নির্বাচনী এলাকায় নিজের প্রভাব কোনোমতেই হাতছাড়া করতে রাজি নন। তাই যতীন্দ্রনাথ মিস্ত্রির জনপ্রিয়তাকে বিবেচনায় না নিয়েও ভাইয়ের ইচ্ছায়ই গোলাম মর্তুজা খানকে সমর্থন দিয়েছে দল। বরিশালের দলীয় রাজনীতি ও ক্ষমতার রাজনীতিতে অনেকটা কোণঠাসা এক সময়ের দোর্দন্ড প্রতাপশালী সরকারি দলের এ নেতা এখনও আগৈলঝাড়ায় দলীয় রাজনীতি নিয়ন্ত্রণ করেন। প্রধানমন্ত্রীর আত্মীয় হলেও দলেও ক্ষমতার বলয় থেকে অনেকটাই ছিটকে যাওয়া এ নেতার বিষয়ে এলাকার মানুষেরও রয়েছে নানামুখী মনোভাব।
সমালোচনায় আওয়ামী লীগ
নির্বাচনে ভোটের শুরু থেকেই ভোট জালিয়াতি, কেন্দ্র দখল নিয়ে সমালোচনা করেছেন তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতা কর্মী। তবে ভাইয়ের কারণে তারা মুখ খুলতে নারাজ। তাদের অনেকেই বলেছেন, অন্যান্য এলাকায় দখলের যেসব অভিযোগ উঠেছে সেগুলোতে বিএনপির বিরুদ্ধে ভোট জালিয়াতি করা হয়েছে। কিন্তু আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ভোট জালিয়াতি করেছে নিজেদের বিরুদ্ধে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নীলকান্ত ব্যাপারী বলেন, ‘ যতীন্দ্রনাথ মিস্ত্রি দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন। তৃণমূলের মতামত না নিয়েই মর্তুজা সাহেবকে সমর্থন দিয়েছে দল। আমরা চেয়েছি যতীন বাবুকে নিয়ে তৃণমূলের মতামত তুলে ধরতে। কিন্তু পারলাম কই? ’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আওয়ামী লীগের নেতা বলেন, ‘দলে মর্তুজা সাহেবের কোনো অবদান নেই। হঠাত্ করেই গতবার দলের সমর্থন পেয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। পুরোটা সময়ই এলাকায় না থেকে ঢাকায় থেকেছেন। কিন্তু ত্যাগী নেতাদের না দিয়ে তাঁকেই সমর্থন দেয় দল।’ নির্বাচনে ব্যাপক জালিয়াতির বিষয়ে এসব তৃণমূল নেতা-কর্মী বেশ বিরক্ত। তাঁরা মনে করেন, এর মাধ্যমে দলের সাধারণ সমর্থক ও কর্মীরা হতাশ হয়েছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মনে করেন তারা। এ আস্থাহীনতা কাটাতে না পারলে ভবিষ্যতে এ এলাকায় আওয়ামী লীগকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে বলে তাদের আশঙ্কা।