ভোট দিতে যাওয়ায় হুমকি, জিডি, পরে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট দিতে যাওয়ায় হত্যার হুমকি দেওয়া হয়েছিল এক বৃদ্ধকে। নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। জিডি করায় তাঁকে আবারও হুমকি দেওয়া হয়। এ কারণে ভয় পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাটোরের সিংড়া উপজেলার চকনওগাঁ গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিএনপির কর্মী জয়নাল হোসেন, সাইফুল ইসলামসহ কয়েকজন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় গত সোমবার চকনওগাঁ গ্রামের লবীন উদ্দিনকে (৮০) হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি ওই দিনই সিংড়া থানায় জিডি করেন।
জিডি করায় বিএনপির ওই কর্মীরা লবীনকে আবার হত্যার হুমকি দেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে তিনি নিজ বাড়িতে বসে পোকা মারার বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের ছেলে বাবলুর রহমান বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিএনপির ১৩ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।