ভোট দিলেন তাঁরা চার অশীতিপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা চারজন একসঙ্গে এসেছিলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে। পরনে সাদা থান কাপড়ের শাড়ি। চুলে কদমছাঁট। বৈধব্য জীবনে বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন।
তাঁদের একজন সৌদা বালা বললেন, ‘হারা কম শুনা পাই। তোরা এনা বড় করি (উচ্চস্বরে) কহ বা।’ এরপর তিনি অন্য তিনজনের পরিচয় দিলেন। বললেন, ‘এইটা মোর জাও (জা)। ওর নাম সরো বালা। আর এইটা খুকি বালা। অয় ভাতিজা বহু।’ আর শেষের জনকে দেখিয়ে বললেন, ‘ওর নাম নীল মণি। হামার ননদ হবি।’ শরীর চলে না, তার পরও কষ্ট করে ভোট দিতে আসার কারণ জানতে চাইলে সৌদা বালা বললেন, ‘ভোট তো দিবায় হয়। তার উপর পাড়াত সবাহে ভোট দিবা আসিবা কহেছে। তায় মনে কইনো বাড়িত বসি না থাকি, স্কুলত যাই। ভোটটা দি আসি।’
লাইনে দাঁড়িয়ে থাকতে চারজনেরই কষ্ট হচ্ছিল। ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিনারা বেগমের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁর নির্দেশে নারী আনসার সদস্যরা বৃদ্ধাদের কেন্দ্রে নিয়ে ভোট দিতে সহায়তা করেন। এ সময় পেছনে লাইনে দাঁড়ানো গৃহবধূ স্বপ্না বলেন, পাশের অমরপুর গ্রামেই তাঁদের সবার বাড়ি। তাঁরা চারজন একে অপরের দারুণ বন্ধু। সারা দিন তাঁদের একসঙ্গেই কাটে। তাঁদের সবার বয়স ৮০ বছরের বেশি।