ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করল শিশুরা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১৯০টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও নের্তৃত্ব বিকাশে এই নির্বাচনের আয়োজন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা জেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত এ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে খুদে শিক্ষার্থীরা ভোট দেয়। সকাল ১০টায় তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের লাইন ধরে ভোট দেওয়ার দৃশ্য চোখে পড়ে। নির্বাচন কমিশনার, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট, এমনকি নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদেরই।
প্রার্থী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী শামিয়া আক্তার বলে, ‘আমি নির্বাচিত হলে স্কুলে বাগান, খেলাধুলার স্থান ও পাঠাগার গড়ে তোলার চেষ্টা করব।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ রকম নির্বাচন হবে।