ভোট দিয়ে ফেরার পথে হামলায় ইউপি সদস্য আহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় কাজিরবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফরোজা খাতুন (৩৭) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
আফরোজা খাতুনের স্বামী জাকির হোসেন অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তাঁর স্ত্রী জামায়াতে ইসলামীর সমর্থক হওয়ায় আগে থেকেই তাঁকে ভোট দিতে যেতে নিষেধ করে সন্ত্রাসীরা। আফরোজাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। পুনরায় হামলার আশঙ্কায় তাঁকে গোপনে চিকিৎসা করানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফরোজা খাতুন দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে ভোট দিতে আসেন। ভোট দিয়ে ফেরার সময় কেন্দ্রের কাছে একটি মাঠে ওত পেতে থাকা সন্ত্রাসীরা আফরোজার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা আফরোজাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে উদ্ধার করেন। এ ব্যাপারে গতকাল বিকেলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।