ভোট দিয়েছেন হাতে গোনা কজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-৩ (সিংড়া) আসনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এ আসনে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি। হাতে গোনা কয়েকজন ভোটার ভোট দিতে ভোটকেন্দ্রে আসেন।
সরেজমিনে সকাল নয়টা ২১ মিনিটে সিংড়ার মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে কোনো ভোটারকে দেখা যায়নি। এখানে দুই হাজার ৬২৭ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ২৭ জন ভোট দিয়েছেন। সকাল নয়টা ৪৩ মিনিটে শেরকোল সমজান উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে কোনো ভোটারকে পাওয়া যায়নি। এখানে তিন হাজার ২৮৭ জনের মধ্যে সকাল পৌনে ১০টা পর্যন্ত ১৫২ জন ভোট দেন।
সকাল ১০টা তিন মিনিটে তেলীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ নম্বর কক্ষের পোলিং কর্মকর্তা রীতা রানী সরকার বলেন, ‘আমার কক্ষের ২৪৭ জন ভোটারের মধ্যে মাত্র দুজন ভোট দিয়েছেন।’ এটি আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদের নিজ এলাকার কেন্দ্র।
সকাল ১০টা ২৩ মিনিটে চলনবিল মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় দুই হাজার পাঁচজন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৩৬ জন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিনকে কেন্দ্রের মধ্যে অবাধে ঘোরাফেরা ও ভোটারদের প্রভাবিত করতে দেখা যায়। সকাল ১০টা ৩৪ মিনিটে সিংড়া সরকারি গোল-ই-আফরোজ কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই হাজার ৮৭৮ জন ভোটারের মধ্যে মাত্র ২৫৯ জন ভোট দিয়েছেন।