ভোট দেওয়া নিয়ে দ্বিধায় রাজধানীর ভোটাররা

‘ভোট হইতাছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগে। ভোট দিতে গ্যালে কী, আর না গ্যালে কী?’ এভাবেই নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানাচ্ছিলেন রাজধানীর এক ভোটার। আজ শুক্রবার সকালে পশ্চিম শেওড়াপাড়ায় কথা হচ্ছিল রাসেল, ইউসুফ আলী ও হাসানের সঙ্গে। ভোট দিতে যাবেন কি না, জানতে চাইলে হাসানের সরাসরি উত্তর ছিল এটি। ইউসুফ আলীর নির্বাচন নিয়ে আগ্রহই নেই। নিরাসক্ত ভঙ্গিতে বললেন, ‘দেখি ভোটের দিন কী হয়!’ তাঁদের এলাকায় প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার ও আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী এখলাস উদ্দিন মোল্লাহ।
উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা মো. সেলিম একই প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচন তো একলাই করছে। ভোট দিলেও হ্যারা জিতব, না দিলেও জিতব। তাইলে ভোট দিয়া কী অইব।’ এ পর্যন্ত তিনবার জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এবার ভোট দিমু কি না, জানি না।’
একই এলাকার ভোটার মো. শাহজাহান ভোট দিতে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। যে দলই নির্বাচন করুক, আমি ভোট দিতে যাব।’
অন্যদিকে সব দল নির্বাচনে না থাকায় ভোট দিতে অনাগ্রহের কথা জানালেন দক্ষিণখান এলাকার পণ্ডিত মিয়া। তাঁর বক্তব্য, ‘এবার তো সব দল নির্বাচনে নেই। ভোট দিয়ে কী হবে?’
রাজধানীর যেসব আসনে নির্বাচন হচ্ছে সেসব এলাকা গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ঘুরে, নানা পেশার মানুষের সঙ্গে কথা বলে এমনই চিত্র পাওয়া গেছে। এসব এলাকায় ভোটের আমেজ তেমন নেই। আগ্রহও কম সাধারণ ভোটারদের। বরং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তাঁদের মাথাব্যথা। বেশির ভাগ এলাকায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন সাধারণ ভোটাররা।
রাজধানীর ১৫টি আসনের মধ্যে আটটিতে নির্বাচন হচ্ছে। আসনগুলো হলো ঢাকা-৪ (জুরাইন, শ্যামপুর, পোস্তগোলা), ঢাকা-৫ (ডেমরা-শ্যামপুর- যাত্রাবাড়ী-মাতুয়াইল-দনিয়া), ঢাকা-৬ (কোতোয়ালি-সূত্রাপুর), ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি), ঢাকা-১৫ (মিরপুর, কাফরুল), ঢাকা-১৬ (পল্লবী-মিরপুর), ঢাকা-১৭ (গুলশান-বাড্ডা), ঢাকা-১৮ (উত্তরা, তুরাগ, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেত)। বাকি সাতটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন মহাজোটের প্রার্থীরা।

গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী হারুন মিয়া বলেন, ‘গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্য লাটে ওঠার অবস্থা।’ একই সুর মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ী সমীর কান্তি দাসের গলায়। বললেন, ‘ভোট দিয়া কী অইব? লড়াই তো আওয়ামী লীগ আর আওয়ামী লীগের মধ্যে। হ্যাগো একজনই জিতব।’
মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী রুহুল আমিন জানালেন, ভোট দেবেন কি না, সিদ্ধান্ত নিতে পারেননি। ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, সেটা নিয়ে আশঙ্কার কথাও জানালেন তিনি।
চক সার্কুলার রোডে আবদুস সালামের চায়ের দোকানে গিয়ে দেখা গেল ভোট নিয়ে বেশ কয়েকজনের মধ্যে আলোচনা। তাঁদের আলোচনার বিষয় হাজি সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিনের নানা কর্মকাণ্ড। পাশাপাশি ‘প্রহসনের নির্বাচন’ নিয়ে সমালোচনারও কমতি ছিল না। কয়েকজন সরাসরিই বলে ফেললেন ভোট দিতে না যাওয়ার কথা। আবার কয়েকজন পরিস্থিতি বুঝে যাওয়ার আগ্রহের কথাও জানালেন।
আজ সকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে কথা হয় অবসরপ্রাপ্ত ব্যাংকার আলমগীর হোসেনের সঙ্গে। একই দলের দুই প্রার্থী থাকায় কাকে ভোট দেবেন, তা নিয়ে দ্বিধায় আছেন তিনি। সঙ্গে থাকা তাঁর ছেলে কলেজ শিক্ষক শাহীন আলম নির্বাচনের পরিস্থিতি নিয়ে বেশ বিরক্ত। নিজের পছন্দের দলের অধীনে নির্বাচন হলেও সবার অংশগ্রহণ না থাকায় খুশি হতে পারছেন না এই তরুণ শিক্ষক। বেশ ক্ষুব্ধভাবেই বললেন, ‘এই ধরনের নির্বাচন কেন দরকার! কয়েক মাস পর তো আবারও নির্বাচন করতে হবে। এতে করে তাদের জনপ্রিয়তা যে শূন্যের কোঠায় চলে আসছে, সেটা কি তারা বুঝতে পারছে?’ ভোট দিতে না যাওয়ার কথাও জানালেন তিনি।
দক্ষিণ মনিপুরের কামালউদ্দিন নিজেকে কামাল আহমেদ মজুমদারের সমর্থক দাবি করে বললেন, ‘অবশ্যই ভোট দিতে যাব। প্রচুর ভোটারও আসবে।’
এদিকে রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানীতে নির্বাচনের আবহ বা প্রভাব রাজধানীর অন্য এলাকাগুলোর তুলনায় একেবারেই নেই বলে জানালেন স্থানীয় ভোটাররা।
বনানী এলাকায় চায়ের দোকানি ওমর কাজী বললেন, নির্বাচনে মানুষের মধ্যে যে উত্সাহ উদ্দীপনা থাকার কথা, এবার তা নেই। প্রতিবারই ‘চায়ের কাপে ঝড়’ উঠলেও এবার মোটেও সেটা নেই।
দীর্ঘদিন এই এলাকায় বসবাসকারী আবদুর রাজ্জাক বলেন, ‘নির্বাচনের সময় প্রার্থী ও তাঁদের সমর্থকেরা দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চান। এবার এটা দেখা যায়নি।’
গুলশান ২ নম্বর গোল চত্বরে ব্যবসায়ী শামীম আহমেদ জানালেন, এই এলাকায় নির্বাচনী তত্পরতা একেবারেই ছিল না। রাজধানীর বিভিন্ন এলাকায় যাওয়ার সুবাদে ভোট নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানালেন। স্থানীয় এই ভোটার বলেন, ‘এখানে নৌকার প্রার্থী কেউ নেই। বর্তমান এমপি এরশাদ সাহেব মনোনয়ন প্রত্যাহার করায় জাতীয় পার্টিরও কেউ নেই। রাজধানীর আসনগুলোর মধ্যে এই আসনে ভোটের আমেজ একেবারেই নেই।’
বিমানবন্দর থানার কাওলা এলাকায় চা বিক্রি করেন ইদরিস আলী। তিনি জানালেন, ভোট দিতে যাবেন কি না, সিদ্ধান্ত নিতে পারেননি।
উত্তরার দলিপাড়া এলাকার ওসমান গণি বললেন, আগে যেভাবে নির্বাচনে আনন্দ ফুর্তি থাকত, এবার সেটা পাচ্ছি না। তাই ভোট দেব কি না, এখনো জানি না। উত্তরা এলাকার বেশ কয়েকজন ভোটার জানালেন, সেখানে নির্বাচনী প্রচার তেমন ছিল না। প্রধানমন্ত্রীর একটি নির্বাচনী সমাবেশ ছাড়া তেমন কোনো মিছিল-সমাবেশ দেখা যায়নি।
জুরাইন এলাকার ভোটার সমীর চন্দ্র দে জানালেন, তাঁদের এলাকায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ না থাকলেও প্রার্থীদের মধ্যে উত্তেজনার কমতি নেই। জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা ও স্বতন্ত্র আওলাদ হোসেনের সমর্থকদের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার শুরু থেকেই টান টান উত্তেজনা রয়েছে।
পোস্তগোলা এলাকার শামসুদ্দিন মিয়া বলেন, প্রার্থীর সমর্থকদের উত্তেজনা সাধারণ মানুষের মধ্যে থাকলেও তো নির্বাচন জমজমাট হতো। এই ব্যবসায়ী বললেন, ‘বুঝেন, কেমন নির্বাচন হচ্ছে! শক্তি কার বেশি, সেটাই দেখানোর চেষ্টা করছে দুপক্ষই।’ নির্বাচনের দিন বাসায় থাকবেন বলেও জানালেন তিনি।
দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে শক্তি দেখানোর কথা বললেন গেন্ডারিয়ার ব্যবসায়ী নবীন চন্দ্র সেন। তাঁর এলাকার দুই প্রার্থী কাজী ফিরোজ রশীদ ও শহীদ কমিশনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেই জানালেন ভোট দিতে না যাওয়ার কথা। ‘রিজাল্ট তো ঠিক কইরা রাখা অইছে। রিস্ক লইয়া ভোট দিতে যাইয়া লাভ কী?’