ভোট দেওয়ায় আ.লীগ সমর্থক ১০ পরিবারের চলাচল বন্ধ?
দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ায় বিএনপির এক কর্মী রাস্তার মাটি কেটে ১০টি পরিবারের চলাচলে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই ১০ পরিবার বিএনপির কর্মী নুরুজ্জামান মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করে।
এলাকাবাসীর অনেকে জানান, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রাম গোপাল গ্রামের রফিক উল্লাহ, আমিনুল ইসলাম, মাহফুজ, আলী হোসেন, রিকশাচালক চৌধুরী আলমসহ আওয়ামী লীগ-সমর্থক ১০টি পরিবারের লোকজন গত ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশীর হয়ে কাজ করেন এবং ভোট দেন। এরপর গত ২৬ জানুয়ারি একই গ্রামের বাসিন্দা ও তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির কর্মী নুরুজ্জামান ওই ১০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা থেকে মাটি কেটে নেন।
প্রায় ৩০ ফুট রাস্তার মাটি কেটে ট্রলিতে করে অন্যত্র সরিয়ে নেন তিনি।
ভুক্তভোগী রফিক উল্লাহ অভিযোগ করেন, ‘বাপ-দাদার আমল থেকে আমরা এ রাস্তা দিয়ে যাতায়াত করছি। কিন্তু এবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে কাজ করায় আমাদের ওপর শোধ নিয়েছেন বিএনপির নুরুজ্জামান মিয়া। তিনি রাস্তাটি থেকে মাটি কেটে নেওয়ায় আমাদের যাতায়াতের পথই বন্ধ হয়ে গেছে।’
আরেক ভুক্তভোগী রিকশাচালক চৌধুরী আলম বলেন, ‘বাড়ি থেইকা বাইর হওনের রাস্তাটা কাইটা এরম কইরা দিছে। এহন তো বাড়ি থেইকা রিকশা নিয়া বাইরই হইতে পারতাছি না।’
তবে অভিযুক্ত নুরুজ্জামান মিয়া বলেন, ‘আমার পৈতৃক জমির ওপর দিয়ে রাস্তাটা ছিল। তাই আমি ওখান থেকে মাটি নিয়েছি। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নাই।’
ইউপি চেয়ারম্যান রওশন জমির সরদার বলেন, ‘এর আগেও রাস্তাটা থেকে এভাবে মাটি কেটে নেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। কিন্তু আবারও রাস্তাটি কাটা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’