ভোট দেওয়ায় পুড়ল নারায়ণের দোকান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণ তালুকদারের মুদি দোকানটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাড়িতে নতুন ঘর তোলার কাজ চলছে।  তাই বাড়ির মালামালও দোকান ঘরে রাখা ছিল। ছবি: শংকর দাস
নারায়ণ তালুকদারের মুদি দোকানটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাড়িতে নতুন ঘর তোলার কাজ চলছে। তাই বাড়ির মালামালও দোকান ঘরে রাখা ছিল। ছবি: শংকর দাস

উপজেলা নির্বাচনের পরের দিন পটুয়াখালীর দুমকি উপজেলায় উত্তর পাঙ্গাশিয়া গ্রামে নারায়ণ তালুকদারের মুদি দোকানটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে সমর্থন ও ভোট দেওয়ায় তাঁর দোকানটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণ। এ ঘটনার পর থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নারায়ণের দোকানঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তখনো আগুনের ধোঁয়া উঠছিল।
নারায়ণ জানান, তিনি আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান সিকদারের সমর্থক ছিলেন। ভোটের আগেও অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখাতেন। নির্বাচনের দিন শেষে গতকাল রাত সাড়ে তিনটার দিকে তাঁর দোকানঘরটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার জন্য জামায়াত-বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দায়ী করেন।
নারায়ণ আরও জানান, বাড়িতে নতুন ঘর তোলার কাজ চলছে। তাই বাড়ির মালামালও দোকান ঘরে রাখা ছিল। আগুনে তাঁর সব শেষ হয়ে গেছে।
নারায়ণের মা হিরণ বালা (৭০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ভোট দিছি দেইখ্যা ভয় দেখাইছে। কইছে বুঝবা পরে। হেইয়ার পরেই রাইতেই ঘরডারে আগুন দিল।’
এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমান হাওলাদার বলেন, নারায়ণের দোকান ঘরে কোনো বিদ্যুত্সংযোগ নেই। দোকান ঘরেও কোনো মানুষ ছিল না। এ অবস্থায় অগ্নিসংযোগ ছাড়া দোকানঘরটি পুড়ে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না।
নাম প্রকাশ না করার শর্তে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন জানান, দুমকি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও পাঁচটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোট গ্রহণ বন্ধসহ ফল স্থগিত করা হয়। এই পাঁচটির মধ্যে তিনটি কেন্দ্রই পাঙ্গাশিয়া ইউনিয়নে। এই এলাকার হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়াতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
এদিকে এই নাশকতার পরই পুলিশ ও র্যাব-৮-এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পরিদর্শনে আসা দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত উদ্দিন খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেছি। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’