ভোট দেওয়ায় শারীরিক প্রতিবন্ধীকে হাতুড়ি পেটা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আবুল হোসেন  ছবি: প্রথম আলো
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আবুল হোসেন ছবি: প্রথম আলো

যশোরের কেশবপুরের মাদারডাঙ্গা গ্রামে এক কাঠমিস্ত্রিকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১১টার দিকে ওই ঘটনার পর আহত আবুল হোসেনকে রক্তাক্ত অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েক বছর আগে আবুল হোসেন দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন।
আওয়ামী লীগ-সমর্থক আবুল হোসেনের অভিযোগ, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অপরাধে দুই যুবক তাঁর ওপর নৃশংস হামলা চালায়।
তিন মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে আবুল হোসেনের সংসার। ভিটা-বাড়িসহ তাঁর ২৬ কাঠা জমি রয়েছে। ১৬ বছর আগে ভ্যানগাড়িতে কাঠের গুঁড়ি তুলতে গিয়ে পায়ের ওপর পড়ে গেলে আবুলের দুই পা নষ্ট হয়ে যায়। তবু তিনি ভেঙে পড়েননি। দুই পা ছাড়াই কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাচ্ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ৪২ নম্বর শয্যায় শুয়ে আছেন আবুল। বললেন, ৫ জানুয়ারি সকালে তিনি পাশের গ্রামের নুড়িতলা মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। পরে তাঁর স্ত্রীও ভোট দেন। তাঁদের মাদারডাঙ্গা গ্রামে জামায়াতে ইসলামীর প্রাধান্য রয়েছে। ভোট দেওয়ার কারণে কয়েক দিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।
আবুল বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পাঁজিয়া বাজারে অবস্থিত নিজের দোকান বন্ধ করে হাতেচালিত রিকশা চালিয়ে এক মাইল দূরে মাদারডাঙ্গা গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় গ্রামের পানের বরজের সামনে পৌঁছালে দুই যুবক তাঁর পথ আটকে জানতে চায় ভোট দিয়েছি কি না। হ্যাঁ বলা মাত্রই তারা হাতুড়ি দিয়ে তাঁর মাথা ও হাতে আঘাত করতে থাকে। তিনি রিকশা থেকে পড়ে গেলে রিকশার ওপর আঘাত করতে থাকে। পরে তাঁর চিৎকারে লোকজন চলে এলে যুবকেরা পালিয়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে আবুল বলেন, ‘আমি ভারতে চলে যাব। এ রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে পারেনি।’ কাউকে চিনতে পেরেছেন কি না জানতে চাইলে বলেন, ‘নাম বললে ওরা আমাকে মেরে ফেলবে। এ জন্য থানায় কোনো অভিযোগও দেব না।’
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল মজিদ বলেন, আবুল হোসেনের মাথা ও হাতে হাতুড়ি দিয়ে ছয়টি আঘাত করা হয়েছে। মাথায় দুটি জায়গায় গর্ত হয়ে গেছে। ডান হাতে মারাত্মক আঘাত লেগেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
কেশবপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ওই প্রতিবন্ধী থানায় কোনো অভিযোগ করেননি।