ভোট দেননি খুলনা সিটি মেয়র, বিভিন্ন কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন
খুলনা জেলা পরিষদ নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ছিল সবচেয়ে বেশি ৬৯ জন। ওই কেন্দ্রে খুলনা সিটি মেয়র, করপোরেশনভুক্ত সব ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, জেলার নয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা ভোটার ছিলেন।
তবে বিএনপি-জামায়াতের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেসিসির কাউন্সিলররা ভোট দিলেও ভোট দেননি সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মাওলা শানু।
আচরণবিধি লঙ্ঘন: খুলনা জেলা পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোট গ্রহণ শুরু হওয়ার পর ওই কেন্দ্রে সকাল ১০টার দিকে বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম গাড়ি নিয়ে প্রবেশ করেন। অনুমতি না থাকায় গাড়িটি আটক করেন ওই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন খান। পরে রিটার্নিং কর্মকর্তার অনুরোধে গাড়িটি ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে নিষেধাজ্ঞা থাকার পরও বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার সদস্য পদে বিজয়ী হওয়ার পর উপজেলা সদরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে আনন্দ মিছিল বের করেন।
অন্যদিকে দুপুর ১২টার দিকে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন তাঁর অনুসারী ভোটারদের নিয়ে বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন।