ভোট দেননি বলে কার্ড পাননি তিনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংদই মাইজপাড়া গ্রামের আছিয়া খাতুন ভিক্ষা করেন। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পাননি তিনি। অথচ হতদরিদ্রদের সহায়তা করার জন্যই সরকার ১০ টাকা কেজি দরে তাদের চাল দেওয়ার জন্য এ কর্মসূচি হাতে নিয়েছে।

সম্প্রতি আছিয়া খাতুন (৬০)  নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকায় ভিক্ষা করছিলেন। এ সময় জানতে চাইলে তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি তাঁর এলাকার ইউপি সদস্য মো. নাজিম উদ্দিনকে ভোট দেননি। এতে নাজিম তাঁর প্রতি ক্ষিপ্ত হন। এর জেরে তাঁকে ১০ টাকা কেজি দরে চাল কেনার কার্ড দেননি। দুস্থ গোষ্ঠীর উন্নয়ন সহায়তা (ভিজিডি) কিংবা অন্য কোনো প্রকল্পের কার্ডও তাঁকে দেওয়া হয়নি।

আছিয়ার বাড়ি উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডে। প্রায় পঁচিশ বছর আগে তাঁর স্বামী মারা যান। বর্তমানে তিনি পরের জমিতে ঘর তুলে এক ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনি নিয়ে থাকেন। ছেলে দিনমজুরি করেন। আর তিনি হাটবাজারে ভিক্ষা করেন। এতে যা পান তা দিয়ে খেয়ে না-খেয়ে দিন পার করেন।

আছিয়া বলেন, তাঁর মতো গরিব মানুষ যদি ১০ টাকা কেজির চাল কেনার কার্ড না পান, তাহলে সরকার কার জন্য সস্তায় চাল বিক্রির ব্যবস্থা করেছে। তিনি বলেন, ‘একডা কার্ডের লাইগ্যা মেম্বরের (ইউপি সদস্য) পেছনে অনেক ঘুরছি। আমারে কার্ড দ্যায় নাই।’

জানতে চাইলে আচারগাঁও ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন বলেন, আছিয়া তাঁর প্রতিবেশী। তিনি কার্ড পাননি সত্য। কিন্তু তাঁকে ভোট দেননি বলে কার্ড দেওয়া হয়নি, এ অভিযোগ সত্য নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই নারীর আচরণ খারাপ। লোকজনের সামনে আমাকে গালিগালাজ করে।’

আচরণ খারাপের অভিযোগ তুলে এমন একজন হতদরিদ্র নারীকে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড থেকে বঞ্চিত করা কতখানি যুক্তিসংগত জানতে চাইলে নাজিম কোনো উত্তর দেননি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এ কে এম মোফাজ্জল হোসেন বলেন, ‘তালিকা করার সময় কোনো কারণে আছিয়ার নাম বাদ পড়ে যায়। তাঁকে অন্তত একটি ভিজিডি কার্ড দেওয়ার চেষ্টা করব।’