দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের হিন্দুধর্মাবলম্বীরা ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে আতঙ্কে রয়েছেন। কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া নিয়ে হিন্দু ভোটারদের মধ্যে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। তবে আদিবাসী ভোটাররা সব বাধাবিপত্তি পেরিয়ে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচন কার্যালয়, আদিবাসী ও হিন্দু সম্প্রদায় সূত্র জানায়, দিনাজপুর-৬ আসনের আওতাভুক্ত এ চার উপজেলায় আদিবাসী ভোটার রয়েছে প্রায় ৮৫ হাজার এবং হিন্দু ভোটার প্রায় ৫০ হাজার।
চার উপজেলার কয়েকজন হিন্দু নেতা ও সাধারণ মানুষ জানান, স্বাধীনতা-পরবর্তী সময়ে এ চার উপজেলায় এবারের মতো সহিংসতা কখনো হয়নি। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর দুর্বৃত্তরা নবাবগঞ্জে স্থানীয় সাংসদ আজিজুল হক চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেয়। ঘোড়াঘাটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায়। নবাবগঞ্জে আওয়ামী লীগ ও ১৮ দলের নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সহিংসতার ঘটনা ঘটে। এ ধরনের সহিংসতা ও ১৮-দলীয় জোটের যেকোনো মূল্যে ভোট প্রতিহত করার ঘোষণায় হিন্দুদের মধ্যে আতঙ্ক ও দ্বিধাদ্বন্দ্বের জন্ম দিয়েছে।
নবাবগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও মজিদনগর কারিগরি কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার শাহ্ এবং বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার প্রথম আলোকে জানান, রাজনৈতিক সহিংসতায় এলাকার বিশেষ করে গ্রামের হিন্দুরা আতঙ্কে রয়েছেন।