ভোট দেবেন কি না, ওয়াদা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উখিয়ায় জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি
উখিয়ায় জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

মিয়ানমারের সীমান্তবর্তী উপজেলা কক্সবাজারের উখিয়ায় গিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নৌকায় ভোট দিতে বললেন।
শেখ হাসিনা জনগণকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা নৌকায় ভোট দিয়েছেন, আমাদেরকে সরকার গঠনে সহযোগিতা করেছেন, আগামী নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। ভোট দেবেন কি না, ওয়াদা করেন।’
জনগণ এ সময় হাত তুলে সম্মতি জানালে শেখ হাসিনা বলেন, ‘আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামীতে যদি নৌকায় ভোট দেন, অসমাপ্ত উন্নয়নকাজ সমাপ্ত করব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব।’
আজ মঙ্গলবার বিকেলে উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
মিয়ানমার সীমান্তের টেকনাফ, উখিয়া ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিপুলসংখ্য মানুষ জনসভায় যোগ দেন। বাংলাদেশ তথ্য কমিশন একাধিক প্রজেক্টর বসিয়ে দূরের মানুষকে প্রধানমন্ত্রীর ভাষণ দেখার সুযোগ করে দেয়।
সমাবেশে ২৮ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা তাঁর সরকারের সাফল্য তুলে ধরে বলেন, ‘মে মাসে আমাদের বিরোধী দলের নেত্রী হঠাত্ আমাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। আমাদের সরকারের পতন ঘটাবেন। সঙ্গে সঙ্গে হেফাজতের হুজুররা ঢাকা ঘেরাও করল, এরপর তারা শাপলা চত্বরে মিছিল করতে চায়, বিরোধী নেত্রীর কথা শুনে তাঁরা সেখানে বসে যাবার পরিকল্পনা নিলেন। সে রাতে কী হলো, বায়তুল মোকাররম মসজিদে আগুন দিল, মসজিদের জায়নামাজ পোড়ালো, শুক্রবার জুমার নামাজ পড়তে ইমাম সাহেবকে বাধা দিল। জামায়াত-শিবিরের কর্মীরা ৫ মে রাতে মসজিদে ঢুকে শত শত পবিত্র কোরআন শরিফ পোড়ালো। আমি জানি না, যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে, একজন মুসলমান কী করে পবিত্র কোরআন শরিফে আগুন দেয়? এর চেয়ে লজ্জা আর কী থাকতে পারে?’

কক্সবাজারের রামু উপজেলায় কেন্দ্রীয় সীমা বিহার উদ্বোধন করে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
কক্সবাজারের রামু উপজেলায় কেন্দ্রীয় সীমা বিহার উদ্বোধন করে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

শেখ হাসিনা বলেন, ‘হেফাজতের এক হুজুর তেঁতুল তত্ত্ব দিলেন, মেয়েরা কাজ করতে পারবে না, মেয়েরা পড়তে পারবে না, চাকরি করতে পারবে না। ঘরে থাকতে হবে।’ তিনি ব্যঙ্গ করে বলেন, ‘ওনার তেঁতুলতত্ত্বের তেঁতুল বিরোধী দলের নেত্রী কি না, আমি জানি না। তিনি তো সাজগোজ করে থাকেন। দেখলে এমনি লোভ লাগতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘আমার দেশের মেয়েরা লেখাপড়া শিখবে না কেন? আমার দেশের মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে না কেন?’
শেখ হাসিনা বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর এই এলাকায় কী তাণ্ডব ঘটেছিল? রামু এবং উখিয়াতে বৌদ্ধমন্দিরগুলো ভাঙা হয়, আক্রমণ করা হয়। তিনি বলেন, ‘আমি ধন্যবাদ জানাই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, স্থানীয় জনগণকে, পুলিশ-বিজিবি-র‌্যাবকে। তারা সবাই মিলে ওই ধ্বংসাত্মক  কাজ প্রতিরোধ করেছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই বাংলাদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ খ্রিষ্টান সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করছে। কেন একজন আরেকজনকে আঘাত করবে? কেন একজন আরেকজনের মন্দির পোড়াবে? তা আমি ভেবে পাই না।’
শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেকটা বৌদ্ধমন্দির আমাদের সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে অতি অল্প সময়ে নির্মাণ করে দিয়েছে। যাদের ঘরবাড়ি পোড়ানো হয়েছে, বিজিবির সদস্যরা তাদের ঘরবাড়ি তৈরি করে দিয়েছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। দৃষ্টিনন্দন মন্দির তৈরি করে তারা এটাই প্রমাণ করেছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।’

প্রধানমন্ত্রী প্রত্যক উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস, জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি, প্রত্যেক উপজেলায় একটা করে সরকারি কলেজ ও স্কুল জাতীয়করণের আশ্বাস দেন। সেই সঙ্গে টেকনাফের শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ নির্মাণ করার আশ্বাস দেন। 

প্রধানমন্ত্রী কবিতা আবৃত্তি করে তাঁর বক্তব্য শেষ করেন। তিনি বলেন, ‘নিঃস্ব আমি রিক্ত আমি, দেবার কিছু নাই। আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, স্থানীয় সাংসদ আবদুর রহমান, সাংসদ সাফিয়া খাতুন, সাংসদ হাছিনা মান্নান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান, সাংসদ এথিন রাখাইন প্রমুখ।

৪০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
জনসভায় ভাষণ দেওয়ার আগে শেখ হাসিনা একসঙ্গে ৪০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।এর মধ্যে রয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম, খুরশকুল-চৌফলদণ্ডী সেতু, পেঁচারদ্বীপ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, কলাতলী পরমাণু চিকিত্সা কেন্দ্র, টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন, টেকনাফ থানার সার্ভিস ডেলিভারি সেন্টার, চকরিয়ার সাব-রেজিস্ট্রি অফিস, কক্সবাজার টেক্সটাইল ইনস্টিটিউট, চিরিঙ্গা খাদ্যগুদাম, কক্সবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ একাডেমিসহ ৪০টি উন্নয়ন প্রকল্প। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।