ভোট না দেওয়ার শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় ভূমিহীন ৩০টি পরিবারের চলাচলের একমাত্র পথ বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছেন পরাজিত এক ইউপি পদপ্রার্থীর কর্মী মামুনুর রহমান। গত ১৩ জুন তিনি নিজের জমির সীমানা ধরে বাঁশের বেড়া দেন।এতে ভূমিহীনদের পায়ে হাঁটার পথটি বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে বর্তমানে মাঠ পাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। মামুনুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী বজলুল হকের কর্মী ছিলেন। বজলুল হক নির্বাচনে ১৮৬ ভোটের ব্যবধানে হায়দার আলীর কাছে পরাজিত হয়েছেন। সরেজমিনে মহেশপুর উপজেলার ঝিটকীপোতা গ্রামে গিয়ে দেখা যায়, ওই গ্রামের এক প্রান্তে বাস করে ৩০টি ভূমিহীন পরিবার। ভূমিহীন জামাত আলী জানান, ঝিটকীপোতা গ্রামের মাঝের ইটের রাস্তা থেকে দুটি জমি পার হয়ে সরকারি ওই জমিতে যেতে হয়। ওই জমিতে তাঁরা বাড়ি করার আগে থেকেই গ্রামের মানুষের মাঠে যাওয়ার জন্য ব্যক্তিমালিকানার ওই জমির আইল দিয়ে একটি পাঁয়ে হাটার পথ ছিল। পথটি তাঁরাও ব্যবহার করতেন। দীর্ঘ ১৫ বছর এই পথ দিয়ে তাঁরা চলাচল করে আসছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভূমিহীন জানান, এবার ইউনিয়ন ভোটের পূর্বে ঝিটকীপোতা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী মামুনুর রহমান তাঁদের কাছে মেম্বর পদপ্রার্থী ফজলুল হকের জন্য ভোট চান। কিন্তু তাঁরা মামুনুর রহমানকে কথা দিতে পারেননি। ওই পাড়ায় যে শতাধিক ভোটার রয়েছেন, তাঁরা যে যাঁর মতো ভোট দিয়েছেন। এই অপরাধে তিনি ভোটের আগেই হুমকি দিয়েছিলেন, তাঁর পছন্দের প্রার্থীর পক্ষে ভোট না করলে এবং ভোট না দিলে তিনি সবার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেবেন। ৫ জুন অনুষ্ঠিত ভোটে মামুনুর রহমানের প্রার্থী পরাজিত হওয়ায় গত ১৩ জুন লেবার দিয়ে তিনি তাঁর জমির চারপাশ বাঁশ বেঁধে আটকে দিয়েছেন। জমির আইলও ঘেরার মধ্যে রাখা হয়েছে। এ ব্যাপারে সদ্যনির্বাচিত মেম্বর হায়দার আলী জানান, ভোটের আগেই ভূমিহীনরা তাঁকে বলেছিলেন, মামুনুর রহমানের প্রার্থী পাস না করলে তাঁদের চলাচলের পথ আটকে দেবেন। এ ব্যাপারে মামুনুর রহমান জানান, এটা তাঁদের পারিবারিক সিদ্ধান্ত। তাঁর প্রার্থী ফেল করেছেন বলেই ঘিরে দিয়েছেন এটা ঠিক নয়। লোকজন চলাচল করলে জমিতে থাকা বাঁশসহ অন্যান্য গাছপালার ক্ষতি হয় বলেই আইল নিয়ে আটকে দিয়েছেন।