ভোট নেই এমন উচ্চমার্গীয়রা খালেদার সঙ্গে গলা মেলাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার তত্ত্বাবধায়কব্যবস্থা পুন-র্বহালের দাবির সমালোচনা করে বলেছেন, তাঁর (খালেদা জিয়া) সঙ্গে গলা মিলিয়েছেন কিছু উচ্চমার্গের লোক। যারা ভোট পায় না, দল করে দল টেকাতে পারে না। তারা আবার বড় গলায় বড় বড় কথা বলে।গতকাল দুপুরে গণভবনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সময়ে সব নির্বাচনে মানুষ স্বাধীনভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিয়েছে। জনগণ যাকে খুশি ভোট দেবে—এই অধিকার আমরা নিশ্চিত করতে পেরেছি।’ বিরোধীদলীয় নেতার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার উনাকে জেল খাটিয়েছে। উনার ছেলেদের উত্তম-মধ্যম দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তিনি কি এসব ভুলে গেলেন? আবার তত্ত্বাবধায়ক সরকার এসে উনাকে জেলে পাঠাবে না, তার নিশ্চয়তা কোথায়?’ তিনি বলেন, ‘আমরা সমুদ্রসীমার অধিকার প্রতিষ্ঠা করেছি। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তিতে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের থাকবে, সেই চুক্তিও আমরা করেছি। তিস্তা চুক্তিও আমরা করব। সেখানেও ন্যায্য হিস্যা আমরা পাব।’শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের জন্য কাজ করে। আর বিএনপি ক্ষমতায় এসে নিজেরা সম্পদ বানায়, আর জনগণকে বঞ্চিত করে। এটাই তাদের নীতি। তারা দুর্নীতি করবে, লুটপাট করবে, এতিমের টাকা মেরে খাবে। কিন্তু এর জন্য মামলা হবে না, বিচার হবে না, এটা তো হতে পারে না।প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। বিরোধী দলের নেত্রীর এ কাজটা পছন্দ হচ্ছে না। যুদ্ধাপরাধীদের বিচার করা জাতির প্রতি আমাদের দায়িত্ব ছিল। এ বিচার আমরা করবই। কোনো হুমকিতেই কাজ হবে না।’মতবিনিময় সভায় মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সতীশ চন্দ্র রায়, আব্দুল লতিফ সিদ্দিকী, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।