ভোট নোট
১১৮ ভোটে...নাটোরের নলডাঙ্গা পৌরসভার জাহাঙ্গীর আলম মাত্র ১১৮টি ভোট পেয়ে ২ নম্বর ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এই ওয়ার্ডে মোট ভোটার ১৮৮ জন। গত বুধবারের নির্বাচনে ১৮৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে জাহাঙ্গীর আলম পেয়েছেন ১১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের পেয়েছেন ৪৪ ভোট। বাকি ২৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী মোজাহার আলী। পৌরসভার রিটার্নিং কর্মকর্তা গৌতম চন্দ্র পাল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নাটোর প্রতিনিধিমাইককে ‘না’হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা মাইক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পড়াশোনায় যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিন প্রার্থীদের মাইকযোগে প্রচারণায় অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। বুধবার রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রার্থীরা মাইক ব্যবহার না করার সিদ্ধান্ত নেন। হবিগঞ্জ প্রতিনিধি