ভোট নোট
পোস্টার শেষকক্সবাজারে গতকাল সোমবার ভোরে বৃষ্টিতে পৌর নির্বাচনের প্রার্থীদের প্রায় সব পোস্টার নষ্ট হয়ে গেছে। শহরের অলিগলিতে ছেঁড়া কিছু পোস্টার ঝুলে থাকলেও প্রধান সড়ক একেবারে ফাঁকা হয়ে গেছে। সোমবার ভোরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, সঙ্গে ছিল দমকা হাওয়া। থেমে থেমে এই বৃষ্টি সকাল সাতটা পর্যন্ত অব্যাহত ছিল। কক্সবাজার পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী শাহেনা আকতার জানান, বৃষ্টিতে তাঁর প্রায় পাঁচ হাজার পোস্টার ছিঁড়ে গেছে। একই কথা বলেন, কাউন্সিলর পদপ্রার্থী মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম ও আবদুল মান্নান। তবে চকরিয়া পৌরসভায় পলিথিনে ঢেকে পোস্টার ঝোলানোয় বৃষ্টির কবল থেকে ৯০ শতাংশ পোস্টার রক্ষা পায়। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজাররাতে প্রচারণাইসমাইল ভূঁইয়া। পঞ্চম শ্রেণী পাস। একটি মাদ্রাসার দপ্তরি। তিনি কুমিল্লার লাকসাম পৌরসভার কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তিনি সকাল-বিকেল স্কুলে ঘণ্টা পেটান, আর রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। ইসমাইল ভূঁইয়া জানান, বিগত দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নে কাজ করেননি। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন। তাই এবার তিনি ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবেন বলে তিনি জানান। তাঁর বিশ্বাস, এলাকাবাসী তাঁকে নির্বাচন করবেন। ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে আরও পাঁচজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন, ইসমাইল হোসেন, শাহজাহান মজুমদার, জসিম উদ্দিন, ওয়াহিদুর রহমান ও রাশিদা বেগম। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিবিজয়ীদের বরণভোলার চারটি পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শুভেচ্ছা জানাতে ঘনিষ্ঠজনেরা যেন হুমড়ি খেয়ে পড়ছে। কেউ ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের ডালা ও স্বর্ণের প্রতীক উপহার দিয়ে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছে। এ উপলক্ষে ভোলা শহরে দুটি ফুলের দোকানে মালা, তোড়া, ডালা ও ফুল বিক্রির ধুম পড়েছে। ভোলা বিয়ে বাজার নামক ফুলের দোকানের মালিক মনিরুজ্জামান জানান, গত তিন দিনে শতাধিক অর্ডার পেয়েছেন। আনন্দবাজার দোকানের মালিক আবদুল বারেক বলেন, তিনি এ পর্যন্ত তিন শতাধিক অর্ডার পেয়েছেন। ভোলা প্রতিনিধি