ভোট নোট
সমাজ ও বিজ্ঞানের লড়াইদিনাজপুরের পার্বতীপুর পৌরসভার আগামী ২৭ জানুয়ারির নির্বাচনে মেয়র পদে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় ভাই পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন (সমাজ) ও ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ফয়সাল আলম (বিজ্ঞান)। তাঁরা শহরের নতুন বাজার খোলাহাটি রোডের মরহুম শাহাজাহান আলীর ছেলে। তবে মুঠোফোনে বড় ভাই সমাজ বলেন, ‘আমরা দুই ভাই মনোনয়ন চেয়েছি ঠিকই। তবে দল যাকে মনোনয়ন দেবে সেই লড়বে। অন্যজন প্রার্থিতা প্রত্যাহার করে নেব।’ ১০ জানুয়ারি পার্বতীপুরে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিভোটের হাওয়ায় কানপট্টি সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচার চলছে পুরোদমে। কিন্তু তীব্র শীত কিছুটা বাদ সেধেছে। শীতের হাত থেকে বাঁচতে বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় কানপট্টি কেনার ধুম পড়েছে। পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর কর্মী আজমল হোসেন (৩৫) জানান, ‘শীতের মধ্যি ভোট আসাতে জারে হাঁটা যায় না। আর হোন্ডাত উঠলে তো কথাই নাই। তাই বাধ্য হয়্যা কানপট্টি কিনিচি।’ কানপট্টি বিক্রেতা আবু জাফর (৪০) জানান, আগে দিনে তাঁর চার-পাঁচটি কানপট্টি বিক্রি হতো। কিন্তু এখন ৭০-৮০টি করে বিক্রি হচ্ছে।শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি