ভোট নোট
‘আমি সাংবাদিক’ ‘আমি ঢাকার অমুক পত্রিকার সাংবাদিক। আপনাদের এলাকার ভোটের সঠিক সংবাদ পত্রিকায় ছাপাতে চাই। তাই জানতে চাই, আপনি বা আপনারা কাকে ভোট দিচ্ছেন। এলাকায় কোন প্রতীকের ভোট বেশি।’ এ রকম প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন বগুড়ার শিবগঞ্জ পৌরসভার সাধারণ ভোটাররা। প্রতিদিন উৎসাহী মানুষ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন নিজেদের বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ভোটের হিসাব জানতে চাচ্ছেন। সাংবাদিক সেজে ভোটারদের কাছে যাওয়া বানাইল মহল্লার লোকমান হোসেন (৪৫) বলেন, ‘সাংবাদিক পরিচয় দিলে ভোটাররা মোটামুটি সঠিক তথ্য দেন। তাই প্রকৃত ভোটের হিসাব জানতে একদিনের জন্য সাংবাদিক সেজেছিলাম।’ বেড়াবালা মহল্লার গোলাম রব্বানী (২৫) বলেন, ‘গত কয়েক দিনে ১২ জন যুবক আমার কাছে এসে সাংবাদিক পরিচয় দিয়ে ভোটের হিসাব জানতে চেয়েছেন।’ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিচাচা-ভাতিজাচট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভায় চার মেয়র প্রার্থী সম্পর্কে চাচা-ভাতিজা। তাঁরা সবাই বিএনপি ও জামায়াতের প্রার্থী। তাঁদের দাবি, আদর্শের অমিল হওয়ায় তাঁরা আলাদাভাবে প্রার্থী হয়েছেন। বারইয়ারহাট পৌরসভায় মিরসরাই উপজেলা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বারইয়ারহাট পৌর বিএনপির সভাপতি মাঈনুদ্দীন লিটন এবং বর্তমান মেয়র পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. জালাল উদ্দীন সম্পর্কে চাচা-ভাতিজা। মিরসরাই পৌরসভায় পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য আতিকুল ইসলাম লতিফী ও জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী শাহ্ মো. কামরুদ্দীন লতিফী সম্পর্কে চাচা-ভাতিজা। এ বিষয়ে কামরুদ্দীন লতিফী বলেন, চাচার আদর্শের সঙ্গে তাঁর আদর্শের প্রার্থক্য থাকায় তিনি নির্বাচন করছেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিএসএমএসগোপালগঞ্জে পৌরসভা নির্বাচনে জনসংযোগ, মাইকিং, পোস্টারিং ও লিফলেটের পাশাপাশি মোবাইলে এসএমএস বড় ভূমিকা রাখছে। বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী হাসমত আলীর পক্ষে তাঁর সমর্থকেরা মোবাইলে এসএমএসের মাধ্যমে ভোটারদের কাছে ভোট চাইছেন। এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে হাসমত আলীর নাম প্রকাশ না করার শর্তে এক সমর্থক প্রথম আলোকে বলেন, ‘কম খরচে, কম সময়ে ক্ষুদ্র এই বার্তার মাধ্যমে সহজেই ভোটারদের কাছে আবেদন করা যায় বলে আমরা এই পদ্ধতিটি প্রয়োগ করছি।’ গোপালগঞ্জ প্রতিনিধি