ভোট নয়, ক্ষমা প্রার্থনা!
মেহেরপুর ও গাংনী পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এখন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট না চেয়ে ক্ষমা চাইছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে—এ কারণে প্রার্থীরা প্রচারণায় এই কৌশল বেছে নিয়েছেন। প্রার্থীদের মতে, আচরণবিধি অনুযায়ী প্রচারণা চালাতে গেলে সময় পাওয়া যাবে মাত্র ১৩ দিন, যা পর্যাপ্ত নয়। এ অবস্থায় তাঁদের এই কৌশল অবলম্বন করতে হচ্ছে।পৌরসভা নির্বাচন আচরণবিধির ধারা-৪ অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রতীক বরাদ্দের তারিখের আগে কোনো প্রচারণা চালাতে পারবে না। পৌরসভা নির্বাচনের তফসিল অনুযায়ী মেহেরপুর ও গাংনী পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্দ হবে ২৮ ডিসেম্বর।সরেজমিনে ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থীরা পুরো মাত্রায় প্রচারণা শুরু করে দিয়েছেন। ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে চলছে নির্বাচনী পথসভা। তবে প্রচারণার অভিযোগ নাকচ করে মেহেরপুর পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও মেহেরপুর শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট চাইতে নয়, ভোটারদের কাছে ক্ষমা চাইতে। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ইয়ারুল ইসলাম বলেন, ভোট চাওয়ার আগে ক্ষমা চাওয়া উচিত। তাই এখন ভোটারদের কাছে গিয়ে এই কাজটিই করছেন। গাংনী পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আহম্মদ আলী বলেন, প্রতীক বরাদ্দের পর প্রচারণার সময় খুবই কম। তাই এখন ভোটারদের কাছে নিজের পরিচিতি তুলে ধরার পাশাপাশি ক্ষমাও চেয়ে নিচ্ছি। মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র মুতাছিম বিল্লাহ বলেন, এখন ভোট চাইলে তো আচরণবিধি লঙ্ঘন হবে। তাই ভোট না চেয়ে ক্ষমা চাইছি। তাঁদের পক্ষে কর্মীরা ভোট চাইছেন প্রশ্নে প্রার্থীরা জানান, এটা তাঁদের জানা নেই। তা ছাড়া এ বিষয়টি দেখার দায়িত্ব নির্বাচন কর্মকর্তাদের। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা হোসেন আলী খন্দকার বলেন, কেউ এমন অভিযোগ তাঁদের কাছে করেননি। তা ছাড়া এখনো নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। তার পরও কেউ অভিযোগ করলে তার বিষয়টি তদন্ত করে দেখা হবে।