ভোট পাহারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীরা বা তাঁদের লোকজন যাতে ভোট কিনতে না পারেন, সে জন্য পাহারা দেওয়া শুরু হয়েছে। প্রার্থীদের কর্মী-সমর্থকেরা নিজ নিজ গ্রামে ক্যাম্প বসিয়ে রাত জেগে ভোট পাহারা দিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার থেকে উপজেলায় ইউপি নির্বাচন শুরু হচ্ছে।প্রথম পর্যায়ে গনিপুর, সোনাডাঙ্গা, নরদাশ, আউচপাড়া, শুভডাঙ্গা, বাসুপাড়া, দ্বীপপুর ও গোবিন্দপাড়া ইউপির নির্বাচন হবে আগামীকাল। বাকি আটটি ইউপির নির্বাচন ১৮ জুন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৩২ ঘণ্টা আগে থেকে প্রচার বন্ধ রাখতে হবে।সরেজমিনে গত শনিবার রাতে উপজেলার কয়েকটি ইউনিয়নে দেখা গেছে, প্রার্থীদের সমর্থকেরা ৮-১০ জনের একেকটি দলে ভাগ হয়ে রাস্তার মোড়ে মোড়ে টর্চ নিয়ে বসে আছেন। এলাকায় কেউ ঢোকার আগে তাদের নানা প্রশ্ন করছেন তাঁরা। উত্তর সন্তোষজনক হলে তাদের ঢুকতে দিচ্ছেন।বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আফজাল হোসেন জানান, তাঁরা কয়েক দিন ধরে ভোট পাহারা দিচ্ছেন, যাতে কেউ ভোট কিনতে না পারেন। একডালা বাজারের পাশের এমন একটি ক্যাম্পের কর্মী শরিফুল ইসলাম বলেন, তাঁরা দুজন করে বিভক্ত হয়ে সারা রাত গোটা গ্রাম পাহারা দিচ্ছেন। তাঁদের ধারণা, শেষ সময়ে ভোট বিক্রি হয়। এই কয়েক দিন পাহারা দিতে পারলে তাঁরা কাঙ্ক্ষিত ভোট ধরে রাখতে পারবেন। উপজেলার আরও কয়েকটি গ্রামে গিয়ে ভোট পাহারার একই ধরনের চিত্র দেখা গেছে। গনিপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান বলেন, ভোট পাহারার দৃশ্য তিনিও দেখেছেন। ভোটারদের এমন সচেতনতায় তাঁর ভালো লাগছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সালাম জানান, ভোটার ও প্রার্থীদের লোকজনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ বলেন, উদ্যোগ ভালো। তবে এ নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেও খেয়াল রাখতে হবে।