নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পুনর্গণনা ও নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী দিলদার হোসেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সোমবার এ বিক্ষোভ সমাবেশ করে স্মারকলিপি দেন তিনি। দুপুরে দিলদার হোসেন বিক্ষোভ মিছিল শেষে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনেও একই দাবি জানান। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসকের কার্যালয় ও প্রেসক্লাব চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সংবাদ সম্মেলনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিখিত বক্তব্যে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকিউল ইসলামের পক্ষ হয়ে গত শনিবার নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে ও আমার লোকজনকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ক্রমাগত নাজেহাল করছিল।’ তিনি বলেন, নির্বাচনের দিন ৬ নম্বর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৫০০ গজ দূরে অবস্থানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিজিবির সদস্যরা আমাকে পানিতে বসিয়ে রাখেন। একজন প্রার্থীকে এভাবে নাজেহাল করা নির্বাচনী আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের এখতিয়ারবহির্ভূত। সর্বশেষ বেলা সাড়ে তিনটায় কেন্দ্রটির আধা কিলোমিটার দূরে পৌঁছামাত্র আমাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।লিখিত বক্তব্যে দিলদার হোসেন আরও দাবি করেন, নির্বাচন শেষ হওয়ার আগেই তাঁর এজেন্টদের কাছ থেকে ফলাফল তালিকায় জোর করে স্বাক্ষর নেওয়া হয়। এর প্রতিবাদ করায় কেন্দ্র থেকে তাঁদের বের করে দেওয়া হয়। প্রার্থী দিলদারের প্রতীকে সিলযুক্ত ২০০-এরও বেশি ব্যালট বাতিল করে শেষ পর্যন্ত তাঁকে পরাজিত ঘোষণা করা হয়। তাই ভোট পুনঃগণনা ও সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলামুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।এদিকে জেলা প্রশাসক সিরাজুল ইসলাম স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে একজন চেয়ারম্যান প্রার্থীকে পানিতে বসিয়ে রাখার এখতিয়ার ম্যাজিস্ট্রেটের আছে কি না, সে ব্যাপারে জেলা প্রশাসক কোনো মন্তব্য করতে রাজি হননি।