ঝালকাঠি পৌরসভা নির্বাচনের ভোট পুনর্গণনার আদেশ বহাল রেখেছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। ভোট পুনর্গণনার আদেশের বিরুদ্ধে মেয়র আফজাল হোসেনের দায়ের করা আপিল গত মঙ্গলবার খারিজ করেন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ফারুক আহমদ।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, দীর্ঘ আট বছর পর নানা আইনি লড়াই শেষে গত ২৪ মার্চ ঝালকাঠি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন আট হাজার ৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী লিয়াকত আলী তালুকদার পান ছয় হাজার ২৩৭ ভোট। গত ২ এপ্রিল মেয়র হিসেবে আফজাল হোসেন শপথ নেন। শপথ গ্রহণের পর গত ২৮ এপ্রিল নিকটতম প্রার্থী লিয়াকত আলী তালুকদার নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে ঝালকাঠির নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন। মামলায় মেয়র আফজাল হোসেনকে ১ নম্বর বিবাদী করা হয়। মামলার শুনানিকালে উভয় পক্ষে ১০ জন করে মোট ২০ জন আদালতে সাক্ষ্য দেন।লিয়াকত আলী তালুকদারের আইনজীবী শাহাদাত হোসেন বলেন, ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকবে। আদালত খোলার পর জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট পুনর্গণনা হতে পারে।