ভোট পুনর্গণনার দাবি এক নারী কাউন্সিলর প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন আয়শা তৌহিদ নামে বিজিত এক নারী কাউন্সিলর প্রার্থী। তিনি ভোট পুনর্গণনার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। রিটার্নিং কর্মকর্তা পুনর্গণনার ব্যবস্থা না করলে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন তিনি।গতকাল মঙ্গলবার দুপুরে নগরের ১১ নং ওয়ার্ডের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৫ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১১ নং ওয়ার্ডের ব্যাপ্টিস্ট মিশন বালক এবং ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চবিদ্যালয়ের চারটি কক্ষে ভোট গণনায় কারচুপি হয়। গণনার সময় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী মো. মজিবর রহমান তাঁর ভাইদের সহযোগিতায় আয়েশার কর্মী-সমর্থকদের লাঞ্ছিত করেন। ভোট গণনার সময় তাঁদের ওই কক্ষগুলো থেকে বের করে দেওয়া হয়। পরে প্রিসাইডিং কর্মকর্তার সহযোগিতায় ভোট গণনায় কারচুপির মাধ্যমে মজিবর নির্বাচনে জয়ী হন।তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ভোট গণনার কারচুপির অভিযোগ জানানো হলে তিনি ১০০ ব্যালটের একটি বান্ডিল গণনা করেন। তাতে তাঁর পক্ষে তিনটি ভোট বৃদ্ধি পায়। এই আশঙ্কা থেকেই তিনি চার কক্ষের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শেখ মো. আক্তারুজ্জামান বলেন, ওই কেন্দ্রে ভোট গণনায় কোনো কারচুপি হয়নি।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আবারও ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই।