মাগুরা পৌরসভার মেয়র পদের উপনির্বাচনের ফলাফল বাতিলসহ ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে দুটি মামলা হয়েছে। পরাজিত দুই প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত খুরশিদ হায়দার ও জাতীয় পার্টি-সমর্থিত (এরশাদ) হাসান সিরাজ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার মামলাগুলো করেন।
দুটি মামলায় ১ নম্বর রিটার্নিং কর্মকর্তা মাগুরার তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হানিফউদ্দিন, ২ নম্বর রিটার্নিং কর্মকর্তা বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেক এবং নির্বাচনে বিজয়ী ঘোষিত মেয়রসহ ৩৫ জনকে বিবাদী করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান গতকালই বিবাদীদের প্রতি সমন জারি করে তা ৩০ জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন।
মামলাগুলোর আরজিতে উল্লেখ করা হয়, সরকারের প্রভাবশালী মহলের সহায়তায় গত ১ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচনী বিধিমালা ২০১০ উপেক্ষা করে প্রথম রিটার্নিং কর্মকর্তা হানিফউদ্দিনকে প্রতীক বরাদ্দের আগেই বদলি করে এ কে এম তারেককে তাঁর স্থলাভিষিক্ত করে। এভাবে নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অপতৎপরতা শুরু হয়। এর পরিসমাপ্তি ঘটে ভোট গণনার আগমুহূর্তে পোলিং এজেন্টদের প্রায় ১৫ মিনিট বুথের বাইরে রেখে ভোট গণনা করে ইকবাল আখতার খানকে বিজয়ী ঘোষণার মাধ্যমে।
মামলার বাদীরা আখতার খানকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত গেজেট এবং শপথের কার্যকারিতা স্থগিত ঘোষণাসহ অবিলম্বে ভোট পুনর্গণনাসহ তা পরীক্ষা-নিরীক্ষার দাবি জানান।