ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী হুমায়ুন কবির পুনরায় ভোট গণনার দাবিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন। সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চবিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে গতকাল মঙ্গলবার ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থী হুমায়ুন কবির লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ইউনিয়নের সারপুকুর চওড়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরলখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল অনুযায়ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী (হুমায়ুন কবির) ৩ হাজার ৩৬৮ ভোট পান। আর নৌকা প্রতীকের প্রার্থী (আজিজুল ইসলাম) পান মাত্র ১ হাজার ৫৬ ভোট। এই তিন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বেশি পান ২ হাজার ৩১২ ভোট। নির্বাচনের দিন (৭ মে) বিকেল পাঁচটার দিকে ওই তিন ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশিত হলে বাকি তিনটি ভোটকেন্দ্র যথাক্রমে মুসরত দৈলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিপার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে মোটরসাইকেল প্রতীকের এজেন্টদের ভোটের হিসাব না দিয়ে জোরপূর্বক বের করে দেওয়া হয়। সেখানে হইচই শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই তিন কেন্দ্রের ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে যান। পরে মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে পরাজিত দেখিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
তবে বিজয়ী চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ‘আমি জনগণের রায়ে বিজয়ী হয়েছি, কোনো রকম প্রভাব বা অনিয়ম-দুর্নীতি করিনি।’